প্রথমবার মঞ্চে অভিনয়ের অনুভূতি হচ্ছে: শারমিন আঁখি
অভিনেত্রী শারমিন আঁখি। কাজ করছেন মঞ্চ ও ছোটপর্দায়। ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র নাটক তারাশংকর বন্দোপাধ্যায়ের ‘কবি’ নাটকে অভিনয় করছেন দীর্ঘদিন। আগামী ২ মার্চ, শনিবার সন্ধ্যায় গ্রুপ থিয়েটার উৎসবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। প্রায় বছরখানেক বিরতির পর কাজে ফিরছেন আঁখি। গত বছরের ২৮ জানুয়ারি শুটিংয়ে দুর্ঘটনাজনিত কারণে বিরতিতে গিয়েছিলেন তিনি। কাজে ফেরা প্রসঙ্গে ডেইলি বাংলাদেশের সাথে কথা বলেছেন আঁখি। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ তারেক।
মঞ্চে কাজ শুরু করতে যাচ্ছেন। কেমন লাগছে?
শারমিন আঁখি: খুব ভালো লাগছে। আমার ক্যারিয়ার শুরু হয়েছিলো থিয়েটারে কাজের মাধ্যমে। শিল্পী সত্তার শুরু মঞ্চে। প্রায় দুই বছর পর মঞ্চে ফিরছি। প্রথম যখন মঞ্চে অভিনয় করেছিলাম, সে অনুভূতি হচ্ছে এখন।
আপনি কোন চরিত্রে রূপদান করছেন?
শারমিন আঁখি: আমি বসন চরিত্রে অভিনয় করছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর ‘কবি’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নির্দেশনায় আছেন শামীম হাসান। নাটকটি অরিন্দমের ২৯তম প্রযোজনা। কেন্দ্রীয় চরিত্র নিতাই কবিয়াল হওয়ার স্বপ্নে বিভোর। বিবাহিতা ঠাকুরঝি ও বাজনাদার ঝুমুর দলের বসন- এই দুই নারী চরিত্র নিতাইকে নিয়ে যায় অসমাপ্ত জীবন জিজ্ঞাসার উত্তরের খোঁজে। নিতাই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ রনি। ঠাকুরঝি চরিত্রে জান্নাতুল নাঈম। ছাড়া আরও অভিনয় করেছেন সাইফুল ইসলাম বাবু,সাবেরা সুলতানা, নাজিম উদ্দিন চৌধুরী, আকবর রেজা , সজীব সেন, বিজয় দাস, পূজা প্রমুখ।
টিভি নাটকে কবে ফিরছেন?
শারমিন আঁখি: নাটকে অভিনয়ে ব্যাপারে অনেকে কথা বলেছেন। নির্মাতারা আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমি নতুন করে মঞ্চ দিয়ে কাজে ফিরতে চেয়েছিলাম। থিয়েটার আবেগের জায়গা। তাই থিয়েটারে কাজ করে ফেলছি। কিন্তু টিভি নাটকে কাজ শুরু করলে ব্যস্ততার জন্য মঞ্চে সময় দিতে পারবো না। তাই নাটকে ফেরার জন্য সময় নিচ্ছি।
চট্টগ্রামে সময় কীভাবে কাটছে?
শারমিন আঁখি: আমি এখন চট্টগ্রাম। এখানে আত্মীয় স্বজনের সাথে দেখা করছি। সারাদিন বাসায় পরিবার – স্বজনদের সাথে কাটছে। বিকেলে রিহার্সেলে যাচ্ছি। যখন মিডিয়ার কেউ ছিলাম না, তখন যেভাবে দিন কাটতো – এখন সেভাবে দিন কাটছে।
এর বাইরে কী করছেন?
শারমিন আঁখি: ঢাকায় মঞ্চ নাটক দেখতে যাই নিয়মিত। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্টারভিউয়ের জন্য যাচ্ছি। বলা চলে নিজেকেই সময় দিচ্ছি এখন।