মুখরোচক বেগুন বাহার
খাদ্য তালিকায় একটি বিশেষ জায়গা দখল করে রয়েছে বেগুন। বেগুন ভর্তা, ভাজি বা ঝোল নানা ভাবে খেয়ে থাকি। তবে মুখরোচক বেগুন বাহার কখনো খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজই রান্না করে খেয়ে দেখুন এই পদটি। পোলাও, খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। রান্না করাও সহজ। চলুন তবে জেনে নেয়া যাক মজাদার বেগুন বাহারের রেসিপিটি-
উপকরণ: বড় বেগুন একটি, টমেটো একটি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা-রসুন বাটা এক টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, কালো জিরা আধা চা চামচ, কাঁচা মরিচ চারটি, শুকনা মরিচ তিনটি, তেজপাতা একটি, ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো।
প্রণালী: বেগুন ও টমেটো লম্বা করে কেটে নিন। বেগুনের টুকরাগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিন। প্যানে তেল গরম করে এতে বেগুন হালকা করে ভেজে তুলে নিন।
.png)
এবার সেই তেলে কালোজিরা, শুকনা মরিচ ও তেজপাতা ফোঁড়ন দিন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদমি করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তেজপাতা ও সামান্য পানি দিন কষিয়ে নিন। এবার ভাজা বেগুন ও টমেটো দিয়ে নাড়াচাড়া করে আরেকটু পানি দিয়ে ঢেকে রান্না করুন ছয় থেকে সাত মিনিট। তারপর ঢাকনা খুলে ধনিয়া পাতা ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন মুখরোচক বেগুন বাহার।