আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করতে কাজ করছে সরকার: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, আগামী প্রজন্মকে জ্ঞানে-গুণে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। জাতির পিতার নির্দেশনা ছিল যত দ্রুত আমরা শতভাগ শিক্ষিত জাতি গড়ে তুলতে পারবো বাংলাদেশের মানুষ তত দ্রুত ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত জীবন পাবে। তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে।
সোমবার পাবনার বেড়া উপজেলায় ভারেঙ্গা একাডেমির উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। শিক্ষার সার্বিক মানোন্নয়নে সব ভাবনা সরকারের রয়েছে।
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা সবময়ই শোষিতের পক্ষাবলম্বন করেছেন। জাতির পিতার কন্যা বাঙালি জাতির পক্ষে এ ধরনের মানবতাবিরোধী বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতায় থেকেছে তারা এ হামলার নিন্দা জানাতে পারেনি। তাদের প্রভুদের পদলেহন করতে গিয়ে তারা মানবতার পক্ষে দাঁড়াতে পারছে না, ন্যূনতম নিন্দাও তারা জানাতে পারেনি। ১৯৭১ সালেও একইভাবে তারা মানবতার পক্ষে না দাঁড়িয়ে হায়েনাদের পক্ষে অবস্থান নিয়েছিল।
.png)
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।