ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রত্যেক উপজেলায় হবে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স: স্বাস্থ্য উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ৩০ আগস্ট ২০২৬
প্রত্যেক উপজেলায় হবে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স: স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের প্রতিটি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এসব কমপ্লেক্সে প্রবীণদের নিরাপদ আবাসন, প্রয়োজনীয় পরিচর্যা, পুনর্বাসন এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে। একই সঙ্গে প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতাকে সমাজ ও দেশের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বি কে বাড়ি এলাকায় ১১০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়া হায়দার।

পরিদর্শনকালে গিভেন্সী গ্রুপের চেয়ারম্যান আব্দুল জাহিদ মকুল ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া তার সঙ্গে ছিলেন। তারা কেন্দ্রটির নারী ও পুরুষদের জন্য নির্মিত পৃথক ভবন ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত প্রবীণদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের জীবনযাপন, প্রয়োজন ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।

Advertisement

কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত জানার পর ডা. জিয়া হায়দার বলেন, বয়স্ক মানুষকে সমাজের বোঝা হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ কর্মজীবন ও জীবনসংগ্রামের মধ্য দিয়ে তারা যে অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সম্পদ। যথাযথ সুযোগ তৈরি করে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, প্রবীণদের পুনর্বাসন ও কল্যাণকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য একটি করে পুনর্বাসন কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এসব কমপ্লেক্সে শুধু আবাসনের ব্যবস্থা নয়, প্রবীণদের সম্মানজনক ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সেবা-পরিচর্যা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনের শেষ পর্যায়ে কেন্দ্রটির সুযোগ-সুবিধা, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, প্রবীণদের কল্যাণে নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের প্রয়োজনীয় সেবা, পরিচর্যা ও সামাজিক সম্পৃক্ততার সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম আরও কার্যকর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!