পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক সমাধানের তাগিদ
পার্বত্য চট্টগ্রামের সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। পাশাপাশি এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক বিভেদ দূর করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদায়ী ও নবাগত রাঙ্গামাটি ব্রিগেড কমান্ডার।
সোমবার (২ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি রিজিয়নের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বিদায়ী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও নবাগত ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডারের বিদায় ও নতুন কমান্ডারের যোগদান উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
বিদায়ী ব্রিগেড কমান্ডার মোহাম্মদ নাজমুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট রাজনৈতিক। তাই এর সমাধানও রাজনৈতিকভাবে করতে হবে। অর্থনৈতিক মুক্তি ছাড়া এ অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। রাঙ্গামাটিতে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করেছে। সাম্প্রদায়িক সংঘাত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধেও সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা জরুরি। কাপ্তাই হ্রদের মাছ, আনারস ও পেপার মিলের মতো স্থানীয় সম্ভাবনাময় খাতের বিকাশের পাশাপাশি গার্মেন্টস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর প্রবণতা কমবে।
নিজেদের মধ্যকার বিভেদ দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পারস্পরিক ঐক্য গড়ে তুলতে পারলে অনেক সমস্যার সমাধান সম্ভব। সবার আগে দেশকে গুরুত্ব দিতে হবে।
নবাগত ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির যে পরিবেশ রয়েছে, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। এ পরিবেশ ধরে রাখতে নিরাপত্তা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে কাজ করার সুযোগ হয়েছে তার। এখানকার শান্তি ও সম্প্রীতির পরিবেশ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। নিরাপত্তা বাহিনী, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিত অবদানে রাঙ্গামাটি এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সভায় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, ডিজিএফআই ও এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।