নাটক দুটি হলো মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’। এতে তিনি আরশ খানের সঙ্গে জুটি বেঁধেছেন। নাটকে কাজের অভিজ্ঞতা ও নানা প্রসঙ্গে ডেইলি বাংলাদেশের মুখোমুখি হন তিনি। আলাপচারিতায় ছিলেন এম. রবিউল।
নাটকে অভিনয় করলেন। অভিজ্ঞতা কেমন হলো?
সুনেরাহ বিনতে কামাল: অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে। বান্নাহ ভাই নাটকে কাজ করব কি না জানতে চাইল। স্ক্রিপ্ট দেখে ভালো লাগল। করে ফেললাম। টিম, সহকর্মীরা ভালো ছিল। তারা সবাই সিরিয়াস ছিল কাজটি নিয়ে। প্রথম দিন আড়ষ্টতা কাজ করছিল। নাটকে তো আগে কাজ করিনি। বুঝতে সময় লেগেছে। আস্তে আস্তে ভালো লাগা শুরু করল। প্রথম কাজটি শেষ হওয়ার পর আরেকটি কাজের কথা বললে সেটিও করলাম। দুটো নাটকই রোমান্টিক ঘরানার। একটি ‘তুমি আমি, আমি তুমি’, অন্যটি ‘ছুঁয়ে দেখা স্পন্দন’। আমার কাজে থাকতে ভালো লাগে। শুটিং সেটে মজা করে কাজগুলো করেছি।
.png)
সিনেমার নায়িকা হিসেবে আপনার পরিচিতি। হঠাৎ নাটকে কেন কাজ করলেন?
সুনেরাহ বিনতে কামাল: গল্প ভালো লেগেছে বলে কাজ করেছি। আমার অভিনয় করার ইচ্ছে করছিল। এতে করে অভিনয়ের অনুশীলন হয়েছে। খেয়াল করে দেখেছি দর্শকও আমাকে পর্দায় দেখতে চায়। সব মিলিয়ে নাটকে কাজ করলাম।
সহ-শিল্পী হিসেবে আরশ খান কেমন ছিলেন?
সুনেরাহ বিনতে কামাল: আমি নাটকের ইন্ডাস্ট্রি চিনি না। কয়েক বছর আগে আবরার আতহারের সঙ্গে কাজ করতে গিয়ে আরশের সঙ্গে পরিচয় হয়। কাজ করতে এসে দেখলাম সে ভদ্র। সম্মান করে কাজের সময়। কাজে যথেষ্ট সিরিয়াস। অনেক সহযোগিতা করেছে কাজের সময়।
আরশ বলেছেন তিনি কল টাইমে সেটে পৌঁছার ক্ষেত্রে আপনাকে পেছনে ফেলতে পারেননি।
সুনেরাহ বিনতে কামাল: আমার এটি একটা বদ-অভ্যাস। কল টাইমের ১৫-২০ মিনিট আগে সেটে চলে যাই। এবার দেরি করে যেতে চেয়েছিলাম। যদিও তা হয়নি। আসলে আগে গিয়ে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি। নির্ধারিত সময়ের আগে গেলে তা সম্ভব হয়।
আপনার অন্যান্য কাজের কী খবর?
সুনেরাহ বিনতে কামাল: একটি সিনেমার কাজ শিগগির শুরু হওয়ার কথা। ওটিটিতে ভালো গল্পের অপেক্ষায় আছি। সঙ্গে ভালো নির্মাতা হলে অবশ্যই করব। দেশের বাইরের একটি ওটিটির কাজের কথা ছিল। মনে হয়েছে এই মুহূর্তে কাজটি করা ঠিক হবে না। তাই করা হয়নি। নাটকের ক্ষেত্রেও একই। নিয়মিত কাজ হয়তো করা হবে না, কিন্তু ভালো গল্প ও নির্মাতা মিললে কাজ করব।
সবশেষ সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে কেমন সাড়া পেয়েছিলেন?
সুনেরাহ বিনতে কামাল: বেশ ভালো সাড়া পেয়েছি। নাটকের সেটে অনেক ছেলেমেয়ে এসেছিল। তারা বলছিল অন্তর্জাল ভালো লেগেছে।
সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ড তুলে দিয়ে সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে। এ প্রসঙ্গে আপনার মতামত কী?
সুনেরাহ বিনতে কামাল: খুবই ভালো উদ্যোগ। বিভিন্ন কারণে সিনেমা আটকে থাকত। সিনেমা নির্মাণ করা হয় দর্শককে দেখানোর জন্য। সে কাজটি এবার সহজ হবে।