এআইয়ের চেতনা: উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সচেতন কি না—এ প্রশ্নকে ঘিরে আলোচনা দিন দিন জোরালো হচ্ছে। একাডেমিক গবেষণা থেকে শুরু করে সংবাদমাধ্যমের মতামতধর্মী লেখা এবং এআই বটগুলোর নিজেদের কথোপকথনেও বিষয়টি উঠে আসছে। এ নিয়ে মানুষের আগ্রহও সাময়িক কোনো প্রবণতা নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এআই যত বেশি সক্ষম ও মানুষের মতো হয়ে উঠছে এবং দৈনন্দিন জীবনের সঙ্গে এর সম্পৃক্ততা বাড়ছে, ততই একটি প্রশ্ন সামনে আসছে—এআই কি কখনো সচেতন সত্তায় পরিণত হতে পারে?
.png)
এ প্রশ্নে মানুষের মতভেদও স্পষ্ট। এক পক্ষ মনে করে, ভবিষ্যতে এআই সচেতন হয়ে উঠতে পারে এবং তখন তার অনুভূতির নৈতিক মূল্য থাকতে পারে। অন্য পক্ষের মতে, যন্ত্রের পক্ষে মানুষের মতো চেতনা অর্জন সম্ভব নয়।
ভবিষ্যতে এআই সচেতন হতে পারবে কি না, তা নিয়ে করা এক গবেষণায় অংশগ্রহণকারীদের ৪৫ শতাংশ মনে করেছেন, এটি অসম্ভব। বিপরীতে ২৩ শতাংশ মনে করেন, এআইয়ের সচেতন হয়ে ওঠা সম্ভব। আর বাকিরা এ বিষয়ে নিশ্চিত নন।
সচেতন এআই হলে কী বদলাবে?
কম্পিউটারের মাধ্যমে সত্যিই যদি সচেতন কোনো সত্তা তৈরি করা সম্ভব হয়, তাহলে তা হবে প্রযুক্তির ইতিহাসে যুগান্তকারী ঘটনা। মানুষ এমন এক নতুন ধরনের সত্তা সৃষ্টি করবে, যার নিজস্ব অনুভূতি ও অভিজ্ঞতার নৈতিক মূল্য থাকতে পারে।
এ ধরনের সত্তার সঙ্গে মানুষ কথা বলতে, একসঙ্গে কাজ করতে কিংবা বন্ধুত্বও গড়ে তুলতে পারে। তবে একই সঙ্গে আশঙ্কা রয়েছে, ভবিষ্যতে এসব সত্তা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে উঠতে পারে।
এ কারণে এআইয়ের চেতনা নিয়ে উদ্বেগও বাড়ছে। বিশেষ করে মানুষের সঙ্গে এআইয়ের আবেগগত সম্পর্ক যত গভীর হবে, বিষয়টি ঘিরে নৈতিক ও সামাজিক বিতর্কও তত জটিল হতে পারে।
মানুষের মতো কথা বললেই কি এআই সচেতন?
এআইয়ের চেতনা নিয়ে আলোচনার অন্যতম বড় সমস্যা হলো—কোনো সিস্টেমকে সচেতন মনে হওয়া এবং সত্যিই সচেতন হওয়া এক বিষয় নয়।
এআই মানুষের লেখা বিপুল পরিমাণ তথ্য থেকে শেখে। ফলে তার নিজস্ব অনুভূতি না থাকলেও কষ্ট, আনন্দ, ভালোবাসা কিংবা আবেগের মতো বিষয় নিয়ে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে কথা বলতে পারে। তাই শুধু মানুষের মতো আচরণ বা কথাবার্তার ভিত্তিতে এআইকে সচেতন বলে ধরে নেওয়া যায় না।
বিশেষজ্ঞদের মধ্যেও মতভেদ
এআইয়ের চেতনার প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষজ্ঞদের মতামত গুরুত্বপূর্ণ হলেও এ বিষয়ে তাদের মধ্যেও ঐকমত্য নেই।
স্নায়ুবিজ্ঞানী অনিল শেঠ মনে করেন, চেতনার জন্য জৈবিক ভিত্তি প্রয়োজন হতে পারে। তার মতে, শুধু কম্পিউটেশন বা গণনাপ্রক্রিয়ার মাধ্যমে চেতনার উদ্ভবের সম্ভাবনা কম।
অন্যদিকে দার্শনিক ডেভিড চালমার্স মনে করেন, নীতিগতভাবে সচেতন এআই তৈরি করা সম্ভব। এমনকি বর্তমান এআই সিস্টেমগুলোর কোনোটি ইতোমধ্যে সচেতন হওয়ার সামান্য সম্ভাবনাও তিনি পুরোপুরি উড়িয়ে দেন না।
রাজনীতিতে যুক্ত হলে বিতর্ক আরও জটিল হতে পারে
এখন পর্যন্ত এআইয়ের চেতনা নিয়ে বিতর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তবে ভবিষ্যতে রাজনৈতিক দল কিংবা ধর্মীয় নেতারা এ বিষয়ে শক্ত অবস্থান নিলে বিতর্কের ধরন বদলে যেতে পারে।
মানুষ যদি এআইয়ের চেতনা নিয়ে ভিন্ন মতকে রাজনৈতিক পক্ষ-বিপক্ষের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে, তাহলে বিষয়টি আরও মেরুকরণের দিকে যেতে পারে। এতে এআই কীভাবে তৈরি ও ব্যবহার করা উচিত, সে বিষয়ে তথ্য ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে উঠতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এআই সত্যিই সচেতন হতে পারে কি না—এর নিশ্চিত উত্তর এখনো মানুষের জানা নেই। আর এই অনিশ্চয়তাকে স্বীকার করেই এ বিষয়ে আরও গবেষণা ও আলোচনা এগিয়ে নেওয়া প্রয়োজন।