৩২ সেকেন্ডে গোল দিয়েও জিততে পারলো না জুভেন্টাস
নতুন রিক্রুট ডুসান ভ্লাহোভিচের ৩২ সেকেন্ডের গোলের পরেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে জিততে পারলো না জুভেন্টাস। ভিয়ারিয়ালের মাঠে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে ব্যর্থ হওয়া ইতালিয়ান জায়ান্টরা ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
লা সেরামিকাতে ম্যাচের মাত্র ৩২ সেকেন্ডে গোলের মাধ্যমে ২২ বছর বয়সী সার্বিয়ান অ্যাটাকার ভ্লাহোভিচের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত অভিষেক হয়। কিন্তু তার এই গোল শেষ পর্যন্ত স্মরণীয় হয়ে থাকেনি। ৬৬ মিনিটে ডানি পারেয়োর গোলে সমতা ফেরায় ভিয়ারিয়াল। তুরিনে ফিরতি লেগের আগে দুই দলই সমান আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।
২২ বছর ২৫ দিন বয়সে গোল করে ভ্লাহোভিচ জুভেন্টাসের দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে গোলের কৃতিত্ব দেখালেন। ২০ বছর বয়সে গোল কওে আলেহান্দ্রো ডেল পিয়েরো এই তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছেন।
.png)
ম্যাচ শেষে জুভেন্টাসের অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা বলেছেন, সে বয়সে এখনো তরুন। এটাই চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম ম্যাচ। ভবিষ্যতে তার ক্যারিয়ার সম্পর্কে এখনই অনুমান করা যায়।
জানুয়ারিতে ফিওরেন্টিনা থেকে ৭০ মিলিয়ন ইউরোতে ভ্লাহোভিচ জুভেন্টাসে এসেছিলেন। বিশ্বের অন্যতম প্রতিভাবান এই তরুণকে ইউরোপীয়ান আসরে মাঠে নামাতে জুভেন্টাসও মুখিয়ে ছিল। আর সেই আস্থার প্রতিদান দারুনভাবেই দিয়েছেন এই তরুণ সার্বিয়ান।
জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি এর আগে সোমবার ম্যাচের আগে ভ্লাহোভিচের ওপর থেকে প্রত্যাশার চাপ কমানোর চেষ্টা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের মত আসরে তার মত তরুনদের মানিয়ে নিতে আরো কিছুটা সময় দেবার ব্যপারে মত দেন আলেগ্রি। কিন্তু ভ্লাহোভিচ নিজেকে প্রমানে এক মিনিটও সময় ব্যয় করেননি।
চলতি মাসের শুরুতে ভেরোনার বিপক্ষে জুভেন্টাসের জার্সি গায়ে সিরি-আ লিগে অভিষেক ম্যাচে ১২ মিনিটে তিনি গোল করেছিলেন। এ নিয়ে পাঁচ ম্যাচে তিনি দ্বিতীয় গোল করলেন। তুরিনে আসার আগে ফিওরেন্টিনার হয়ে ৩১ ম্যাচে করেছেন ২৫ গোল।