টেন্ডুলকারকে পেছনে ফেললেন পান্ট
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে রীতিমতো ঝড় তুলে টেন্ডুলকারকেও পেছনে ফেললেন রিশাব পান্ট। শুক্রবার ১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
সিরিজের শেষ ম্যাচ মানেই যেন রিশাভ পান্টের রুদ্রমূর্তি ধারণ। ক্যারিয়ারের প্রথম চারটি সেঞ্চুরিই তিনি সিরিজের শেষ ম্যাচে হাঁকিয়েছেন।
দলীয় ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে যখন কঠিন বিপদে ভারত, সেখান থেকে রবীন্দ্র জাদেজার সঙ্গে মাত্র ২৩৯ বলে ২২২ রানের জুটি গড়েন পান্ট। আউট হওয়ার আগে ১১১ বলে ১৯ চার ও ৪টি ছয়ের মারে খেলেন ১৪৬ রানের ঝড়ো ইনিংস।
.png)
এই ইনিংসের সুবাদে পান্ট দলকে যেমন পৌঁছে দিয়েছেন নিরাপদ স্থানে, তেমনি ভেঙেছেন একাধিক রেকর্ড। ইনিংসের প্রথম ছক্কার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি পূরণ হয় পান্টের। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে ছক্কার সেঞ্চুরি করেন তিনি।
এতোদিন ধরে রেকর্ডটি ছিল ভারতের ক্রিকেট ঈশ্বরখ্যাত শচিন টেন্ডুলকারের দখলে। তিনি ঠিক ২৫ বছর বয়সে হাঁকান ১০০টি ছক্কা। সেই রেকর্ড নিজের করে নিয়ে ২৪ বছর ২৭১ দিন বয়সে ১০৩টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার পান্ট।
এছাড়া সাবেক উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনিরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন পান্ট। ইনিংসটি খেলার পথে ৮৯ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ভারতের উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন পান্ট। এর আগে রেকর্ডটি ছিল ধোনির দখলে, ৯৩ বলে।
সেঞ্চুরি পেরিয়েও থামার নাম ছিল না পান্টের। পরের ২১ বলে আরও চারটি চার ও তিনটি ছয়ের মারে করে ফেলেন ৪৬ রান। মনে হচ্ছিল, দ্রুততম ডাবল সেঞ্চুরি হয়তো করেই ফেলবেন পান্ট। কিন্তু তখনই ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন জো রুট।