তবে আসছে মৌসুমে মাঠে নামার আগেই সুখবর পেয়ে গেল বার্সেলোনা। মেসি যাওয়ার পর যে শূণ্যতা তৈরি হয়েছিল, সেটি মুছে দিতে তারা পেয়ে গেল আরেক মহাতারকা। কারণ বার্সায় নাম লেখাচ্ছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।
সবকিছু ঠিক থাকলে শিগগিরই বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় নাম লেখাচ্ছেন লেভানদোভস্কি। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে মেসির সাবেক ক্লাবে আসছেন দুই বারের ফিফা বর্ষসেরা এই স্ট্রাইকার। বার্সেলোনার চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করেছে বায়ার্ন। এখন শুধু আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়া বাকি।
.png)
লেভানদোভস্কির মতো একজন গোল স্কোরারের অপেক্ষাতেই ছিল বার্সা। কারণ মেসি যাওয়ার পর কেউই ঠিকমতো স্কোর করতে পারেননি। গোল স্কোরারের অভাবটা লেভানদোভস্কির কাছ থেকেই পূরণ হবে বলে বিশ্বাস কাতালান ক্লাবটির কর্তাদের।
বায়ার্ন মিউনিখের সঙ্গে লেভানদোভস্কির এক বছর চুক্তি বাকি ছিল। এ কারণে অন্তত পাঁচ কোটি ইউরো না পেলে বিক্রি করা হবে না-এমনটা জানিয়ে দেয় জার্মান জায়ান্টরা। শুক্রবার জানা যায়, বায়ার্নের দাবির পুরো অর্থই দেবে বার্সেলোনা। দলবদল ফি বাবদ সাড়ে চার কোটি ইউরো আর বিভিন্ন বোনাস বাবদ আরো ৫০ লাখ ইউরো।
অবশ্য শুধু বার্সাই নয়, চেলসি ও পিএসজিও দলে টানতে চেয়েছিল ৩৩ বছর বয়সী লেভানদোভস্কিকে। কিন্তু শেষ অব্দি তিনি নাম লেখাচ্ছেন বার্সেলোনাতে। এবার যদি হাসি ফুটে কাতালান ক্লাবটির ভক্তদের মুখে!