পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে। অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়কে আপাতত ফেরানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাভি।
অনেক ছাড় দিয়ে হলেও বার্সেলোনায় নতুন চুক্তি করতে রাজি ছিলেন মেসি। কিন্তু ক্লাবের আর্থিক দৈন্যতা ও লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই প্রক্রিয়া। লা লিগার দলটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত বছরের আগস্টে পিএসজিতে যোগ দেন তিনি।
.png)
মেসি চলে যাওয়ার পর প্রথম মৌসুমটা মোটেও ভালো কাটেনি বার্সেলোনার। ক্লাবটি ২০২১-২২ মৌসুম শেষ করে কোনো শিরোপা ছাড়াই। তবে নতুন মৌসুমে নব উদ্যমে সবকিছু শুরু করতে চাইছে দলটি।
গত রোববার ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি। তাকে ফেরানোর চেষ্টা করা তাদের দায়িত্ব। যুক্তরাষ্ট্র সফরে জুভেন্টাসের বিপক্ষে মঙ্গলবারের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের পর জাভির সংবাদ সম্মেলনেও ওঠে প্রসঙ্গটি।
এ সময় জাভি বলেন, এখন সে একটি চুক্তিতে রয়েছে, তাই এটা (তাকে ফেরানো) অসম্ভব। লিওকে (মেসি) নিয়ে এখন কথা বলার কোনো সুযোগ নেই। সে বিশ্বের ও ইতিহাসের সেরা ফুটবলার।
তিনি আরো বলেন, ক্লাব প্রেসিডেন্ট যেমন বলেছেন, আমিও আশা করি বার্সেলোনার সঙ্গে মেসির অধ্যায় শেষ হয়নি। কিন্তু এটা নিয়ে কথা বলার সময় এখন নয়।