ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শাস্তি শেষে অনুশীলনে রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ২৬ অক্টোবর ২০২২
শাস্তি শেষে অনুশীলনে রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

শৃঙ্খলাজনিত কারণে ম্যাচের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের সঙ্গে অনুশীলনেও নিষিদ্ধ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শাস্তি শেষে ইউরোপা লিগে শেরিফের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এই তারকা ফরোয়ার্ড।

প্রিমিয়ার লিগে গত বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়া রোনালদো ৮৯তম মিনিটে আচমকা মাঠ ছেড়ে টানেলের দিকে রওনা হন। এরপর ইউনাইটেড কোচ এরিক টেন হাগ জানান, বদলি নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদোর সেই কাজের জন্য শাস্তিস্বরূপ প্রিমিয়ার লিগে গত শনিবার চেলসির বিপক্ষে ১-১ ড্র ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়। বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে গত কয়েকদিনে রোনালদো ও টেন হাগের মধ্যে আলোচনা হয়েছে।

Advertisement

ইউনাইটেডের টুইটার পেজে মঙ্গলবার প্রকাশিত অনুশীলনের ছবি ও ভিডিওতে রোনালদোর সপ্রতিভ উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, ইউরোপা লিগে শেরিফের বিপক্ষে হয়ত খেলতে পারেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

ওল্ড ট্র্যাফোর্ডে 'ই' গ্রুপের ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার। গ্রুপে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে ইউনাইটেড। তিন পয়েন্ট নিয়ে তিনে শেরিফ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!