সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তো টিকিট থাকা সত্ত্বেও দর্শকরা মাঠে ঢুকতে পারেননি। চট্টগ্রামেও এর ব্যতিক্রম ঘটছে না। টিকিট নিয়ে কাড়াকাড়ি চলছে সর্বত্র। বলা যায় তুলকালাম কাণ্ড ঘটাচ্ছেন দর্শকরা।
শনিবার অনুষ্ঠিতব্য ম্যাচটি মাঠে বসে দেখার আশায় সোনার হরিণ নামক একটি টিকিটের খোঁজে হন্য হয়ে ঘুরছেন দর্শকরা। কেউ কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার অপেক্ষায় আছেন।
.png)
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ওয়ানডের টিকিট নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। চট্টগ্রামের বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন ভক্তরা।
আজ রাত পোহালেই ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এমন অর্জনের সাক্ষী হতে চোখের ঘুম হারাম করে হোক আর কষ্ট করে টিকিট সংগ্রহ করেই হোক, প্রিয় দলের খেলা দেখতে চান সবাই।
আবদুল্লাহ মারুফ নামের এক শিক্ষার্থী টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বলেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলছে, আমার বিশ্বাস চট্টগ্রামেও এমন ম্যাচ হবে। তাই কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। আশা করি, টিকিট পাবো। বাংলাদেশ ম্যাচ জিতলেই আমাদের এই কষ্ট দূর হয়ে যাবে।’