ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির হাতে ট্রফি দেখার জন্য ব্রাজিলিয়ান কিংবদন্তির প্রার্থনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ১৫ ডিসেম্বর ২০২২
মেসির হাতে ট্রফি দেখার জন্য ব্রাজিলিয়ান কিংবদন্তির প্রার্থনা
সংগৃহীত ছবি

আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ ফুটবলে নতুন কিছু নয়। দুই দেশের সমর্থক থেকে শুরু করে ফুটবলারদের মধ্যে কথার লড়াই চলে। তবে এর মধ্যেও অনন্য নজির দেখালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য প্রার্থনা করছেন তিনি।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করছেন রিভালদো। তার বিশ্বাস, অপেক্ষার প্রহর পেরিয়ে এবার শিরোপা জিতবেন লিওনেল মেসি। বিশ্বকাপ ট্রফিটি আর্জেন্টিনা অধিনায়কের প্রাপ্য বলেই মনে করেন এই ব্রাজিলিয়ান গ্রেট।

আগামী ১৮ ডিসেম্বর রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালের মহারণে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে নিঃসন্দেহে মেসির দিকেই সবার নজর থাকবে। 

শুরুতে সৌদি আরবের বিপক্ষে হারের ধাক্কা সামলে টানা পাঁচ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যার চারটিতেই ম্যাচের সেরা মেসি। ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। সঙ্গে তার অ্যাসিস্ট আছে তিনটি।

Advertisement

রিভালদো তাই সমর্থন দিচ্ছেন মেসি ও আর্জেন্টিনাকে। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ক্রোয়েশিয়া ম্যাচের পর ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শুভকামনা জানান এই মহাতারকার জন্য।

রিভালদো বলেন, 'বিশ্বকাপে এখন ব্রাজিল কিংবা নেইমার নেই। তাই আমি আর্জেন্টিনার পক্ষে থাকব। মেসিকে নিয়ে নতুন কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা প্রাপ্য ছিল। তবে সৃষ্টিকর্তাই সবকিছু জানেন এবং এই রবিবার তোমাকে মুকুট দেবেন। '

এই গ্রেট মেসির জন্য প্রার্থনা করে আরো বলেন, 'তুমি ব্যক্তি হিসেবে যেমন এবং সবসময় যে দুর্দান্ত ফুটবল খেলেছো, তাতে বিশ্বকাপ শিরোপা তোমার প্রাপ্য। তোমাকে টুপি খোলা অভিনন্দন। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।'

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!