বলা যায় রোনালদোকে নিয়ে নতুন করে আগ্রহের সৃষ্টি হয়েছে আরব বিশ্বে। তার ব্যাপারে জানতে আগ্রহ দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের লোকজন। এ অবস্থা দেখে অদ্ভূত এক কাণ্ড ঘটিয়েছে দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস। তারা নিজেদের গণমাধ্যমের জন্য একটি পোস্ট তৈরি করেছেন। যার নাম দেয়া হয়েছে রোনালদো প্রতিবেদক। যার কাজ হবে শুধু রোনালদো কেন্দ্রিক নিউজ দেয়া।
এরই মধ্যে গণমাধ্যমটি নিজেদের ওয়েবসাইটে সাংবাদিক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিজেদের ওয়েবসাইটেই দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাতারকা রোনালদো সৌদি ফুটবল ক্লাব আল নাসরের সঙ্গে বিশ্বরেকর্ড ২১৪ মিলিয়ন ডলারের চুক্তি করার পর এখন অ্যারাবিয়ান বিজনেস পূর্ণকালীন নিবেদিত রোনালদো প্রতিবেদক খুঁজছে।
.png)
এ নিয়োগ নিয়ে দুবাই ভিত্তিক ম্যাগাজিনটির ব্যবস্থাপনা সম্পাদক ম্যাথিউ অ্যালমট বলেন, রোনালদো বিশ্বের সবচেয়ে বড় তারকা, তার গল্পটাও তেমনই বড়। রোনালদো নিজেই একটা শিল্প। তার বিশালতা এমনই যে, তার জন্য নিবেদিত একজন পূর্ণকালীন প্রতিবেদক প্রয়োজন। রোনালদোর সৌদিতে আসা দেশটির ফুটবলকে বিশ্বের কাছে তুলে ধরেছে। যে আবেদনকারী সফল হবেন, তিনি রোনালদোর এই গল্প উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অ্যারাবিয়ান বিজনেসের রিয়াদ অফিসে কাজ করতে হবে ‘রোনালদো প্রতিবেদক’কে। তাকে আল নাসরের প্রতিটি ম্যাচেই মাঠে উপস্থিত থাকতে হবে। জানাতে হবে রোনালদোর মিডিয়া ও বানিজ্যিক সব ইভেন্টের খবর। রোনালদোর প্রাত্যহিক জীবনের খবর, সৌদির নতুন জীবনে কেমন মানিয়ে নিয়েছেন, কোন ক্ষেত্রে পড়ছেন বিপাকে, সব খবর দেয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে।
অ্যারাবিয়ান বিজনেস কর্তৃপক্ষ জানিয়েছে, রোনালদো প্রতিবেদকের জন্য ক্রীড়া সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে অবশ্যই আরবি ও ইংরেজি দুই ভাষাতেই কথা বলা ও লেখায় পারদর্শী হতে হবে। আগ্রহীদেরকে তাদের সিভি ও কভার লেটার পাঠাতে বলা হয়েছে [email protected] এই মেইলে।