চলতি মাসের ২৪ তারিখ দলের সঙ্গে আবারও বাংলাদেশে আসবেন মঈন। তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তার মতে, বাংলাদেশ নিজেদের মাটিতে খুবই ভালো দল।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে মঈন আলী বলেন, ‘বাংলাদেশ সফর সব সময়ই কঠিন। ঘরের মাঠে ওরা খুবই ভালো দল। তবে আমরাও ভালো দল। আশা করি, সিরিজটা ভালো হবে। আমাদের জন্য উইকেট অতটা গুরুত্বপূর্ণ না। আমাদের ভালো ক্রিকেটার আছে, যারা এ ধরনের কন্ডিশনে খেলেছে, ভালো করেছে।’
.png)
এবারের বিপিএল খেলতে আসার কারণ উল্লেখ করে মঈন জানান, ‘এবার আমার বিপিএলে আসার একটা কারণ আসন্ন সিরিজ। এখানে আমাদের সিরিজ আছে। সামনে আবার ভারতে বিশ্বকাপও আছে। আমি চাচ্ছিলাম, এ ধরনের কন্ডিশনে বেশি বেশি খেলে অভ্যস্ত হতে। এই খেলাগুলো অবশ্যই আমাদের বড় টুর্নামেন্টে সাহায্য করবে।’
উইকেট যেমনই হোক, ইংলিশদের খেলার সামর্থ্য আছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাংলাদেশ সিরিজের উইকেট বিপিএলের মতো ভালো থাকলেও মানিয়ে নিতে হবে, খারাপ হলেও তা–ই করতে হবে। কারণ আমরাও যথেষ্ট ভালো দল।’