ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

এক রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ৬ মার্চ ২০২৩
এক রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল ইংলিশরা। এ অবস্থায় অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ওভারে তিন উইকেটে ৬১ রান। এর আগে ৪৮.৫ ওভারে অল আউট হওয়ার আগে ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

ইংল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন জেসন রয় ও ফিল সল্ট। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তারা। নবম ওভারে পুরণ করেন ফিফটির পার্টনারশিপ। তবে একই ওভারে সাকিবের বলে রিয়াদের তালুবন্দী হন ৩৫ রান করা সল্ট।

Advertisement

তিনে নামা ডেভিড মালানকে রানের খাতা খুলতে দেননি এবাদত হোসেন। আরেক ওপেনার জেসন রয়কে পরের ওভারেই বোল্ড করেন সাকিব। এ ওপেনার ১৯ রান করেন। মাত্র এক রান করতেই তিন উইকেট হারিয়ে বেশ চাপের মুখে পড়েছে ইংল্যান্ড।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই স্যাম কুরানের বলে উইকেটের পেছনে তালুবন্দী হন লিটন। এর মাধ্যমে টানা দুই ম্যাচে শুন্য রানে সাজঘরে ফিরলেন তিনি।

নিজের পরের ওভারে এসে ফের সাফল্যের দেখা পান কুরান। এই অলরাউন্ডারের করা ওভারের শেষ ডেলিভারির আউটসুইঙ্গার বুঝতেই পারেননি তামিম। তিনি ফ্লিক করতে গেলে বল ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায়। যা সহজেই তালুবন্দী করেন জেমস ভিন্স। সাজঘরে ফেরার আগে ৬ বলে ১১ রান করেন টাইগার অধিনায়ক।

মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে বিপর্যয় সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনে গড়েন ৯৮ রানের বড় জুটি। শান্ত ও মুশফিকের ব্যাটে যখন ম্যাচে আধিপত্য বিস্তারের পথে বাংলাদেশ, তখনই ভাঙে দুজনের জুটি। যেখানে রান আউটের শিকার হয়ে ৫৩ রানে ফেরেন শান্ত।

তার বিদায়ের পরপরই ফিফটির দেখা পান মুশফিক। দীর্ঘদিন পর বড় ইনিংসের দেখা পাওয়া এ ব্যাটার থামেন ৭০ রানে। মাহমুদউল্লাহ রিয়াদ এদিন ৮ রানের বেশি করতে পারেননি। আফিফ হোসেন ১৫, মেহেদী মিরাজ ৫ ও তাইজুল ইসলাম ২ রানে সাজঘরে ফেরেন। এর আগে ৫৫ বলে ফিফটি পূরন করেন সাকিব আল হাসান।

ইনিংসের শেষদিকে আউট হওয়ার আগে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন সাকিব। তিনি বিদায়ের পরের বলেই মুস্তাফিজুর রহমান লেগ বিফোরের শিকার হলে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার তিনটি, স্যাম কুরান ও আদিল রশিদ দুটি এবং রিহান আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!