ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড গড়ার পুরস্কার পেলেন মুশফিক, শাস্তি পেলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৫, ২২ মার্চ ২০২৩
রেকর্ড গড়ার পুরস্কার পেলেন মুশফিক, শাস্তি পেলেন তামিম
মুশফিকুর রহিম

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। ৬০ বলে করা তার সেই সেঞ্চুরি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এমন ইনিংস খেলার পরই আইসিসি থেকে পুরস্কার পেলেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। 

বুধবার (২২ মার্চ) আইসিসির হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিক। রেকর্ড সেঞ্চুরির পর অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার ওঠে এসেছেন ১৮তম স্থানে।  বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেরা অবস্থানে রয়েছেন তিনি।

অন্যদিকে বেশ কিছুদিন ধরেই ব্যর্থতার বৃত্তে আটকা তামিম ইকবাল। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সুবিধা করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রানে আউট হওয়া ওপেনার দ্বিতীয় ওয়ানডেতে করেন ২৩।

Advertisement

এমন পারফরম্যান্সের পর শাস্তি পেয়েছেন তামিম। ব্যাটারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছেন তিনি। বর্তমানে ২২তম স্থানে রয়েছেন টিম টাইগার্সের ওয়ানডে অধিনায়ক।

এদিকে লিটন দাস, সাকিব এবং শান্ত দারুণ ব্যাটিং করলেও তাদের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া অভিষেকে ৯২ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় পরের ম্যাচে ৪৯ রান করলেও সেরা একশতে প্রবেশ করতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মাঝেও তেমন কোনো পরিবর্তন নেই। আগের মতোই বাংলাদেশের পক্ষে শীর্ষে থাকা সাকিব রয়েছেন ৬ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো মাঠে না নামা মেহেদি হাসান মিরাজ রয়েছেন ১৬ নম্বরে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!