ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আইপিএলে বদলে গেলো কয়েকটি নিয়ম

স্পোর্টস ডেস্ক 
প্রকাশিত: ১৬:৩০, ২৩ মার্চ ২০২৩
আইপিএলে বদলে গেলো কয়েকটি নিয়ম
ছবি: সংগৃহীত

আগামী ৩১ তারিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর পর্দা উঠছে।  তবে এবারের লিগে থাকছে কয়েকটি নতুন নিয়ম। দীর্ঘ বিরতি দিয়ে এবার থেকেই আবার শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটের প্রতিযোগিতা। তবে শুধু হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে নয়, এবারের আইপিএলে ক্রিকেটের তিনটি নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

এক, এর আগে টসের সময় প্রথম একাদশ জানিয়ে দিতে হত অধিনায়কদের। তবে এবারের আইপিএল থেকে সেটা হবে না। টসের সময় দু’টি আলাদা প্রথম একাদশের তালিকা নিয়ে নামতে পারবেন অধিনায়করা। টসের পরে তিনি নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন। 

অর্থাৎ, বোলিং বা ব্যাটিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে প্রথম একাদশে পরিবর্তন করতে পারবেন অধিনায়করা।

আইপিএলের এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগে নিয়ম ছিল, টসের আগেই একাদশের তালিকা একে অপরকে দিতে হতো দুই অধিনায়ককে। এবার থেকে টসের পরে সেই তালিকা একে অপরকে দেবেন তারা। এর ফলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বাছাই করতে সুবিধা হবে অধিনায়কদের। প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে। তিনিই হচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার।’

দুই, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হত অধিনায়ককে; কিন্তু এবার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে সুবিধা পাবে ব্যাটিং দল।

তিন, ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূত ভাবে নড়াচড়া করেন তাহলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসাবে ৫ রান দেওয়া হবে। 

সেই বলটিও ডেড বল হিসাবে ধরা হবে। অর্থাৎ, কোনও বল না খেলেই ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে। কোনও ফিল্ডার সেই কাজ করলেও একই শাস্তি পেতে হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!