ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব-লিটনের এনওসি পাওয়ার খবরটি গুজব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১১, ২৯ মার্চ ২০২৩
সাকিব-লিটনের এনওসি পাওয়ার খবরটি গুজব
ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-২০ সিরিজ শেষ হওয়ার পর আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে এক ম্যাচের টেস্ট সিরিজ। এই টেস্টের জন্য বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য হলেন সাকিব আল হাসান এবং লিটন দাস। দু’জনই আবার এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএলের ১৬তম আসর। শুরুর একদিন পরই মাঠে নামবে কলকাতা। সাকিব ও লিটন শুরু থেকেই আইপিএল খেলতে চাইছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদেরকে ছাড়পত্র দিচ্ছে না। বিসিবির চাওয়া, টেস্ট খেলে তবেই আইপিএলে যাক এ দুই ক্রিকেটার।

এ বিষয় নিয়ে গত বেশ কয়েকদিন তুমুল আলোচনা চলছে ক্রিকেটপাড়ায়। এরপর হঠাৎ করে মঙ্গলবার রাতে চাউর হয়, শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। অর্থাৎ সাকিব এবং লিটনকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিয়েছে তারা।

Advertisement

যার অর্থ টেস্ট না খেলেই আইপিএল খেলতে চলে যাবেন সাকিব ও লিটন। তবে খবরটাকে পুরোপুরি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন বিসিবির সিনিয়র পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বরং সাকিব-লিটনের বিষয়ে ভুয়া সংবাদ প্রচার হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

এ বিষয়ে জালাল বলেছেন, ‘সাকিবের ব্যাপারে যা শোনা যাচ্ছে, সোজা কথা এটা হচ্ছে পুরোপুরি গুজব। তাদের (সাকিব-লিটন) ব্যাপারে বোর্ডের অবস্থানের কোনো পরিবর্তন নেই। এটা ক্লিয়ার যে তাদেরকে এনওসি দেয়া হয়নি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দেয়াও হবে না।’

আইপিএলে সুযোগ পাওয়া আরেক বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি। ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ খেলার পর মুক্ত হয়ে যাবেন বাঁ-হাতি এই পেসার। কারণ টেস্ট স্কোয়াডে তাকে না রাখার সম্ভাবনাই বেশি।

সে হিসেবে মুস্তাফিজের এনওসি রেডি। ৩১ মার্চ বাংলাদেশের শেষ টি-২০ ম্যাচ খেলেই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিতে পারবেন বাংলাদেশের এই পেসার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!