বৃষ্টি আসায় টস শেষেই দুই দলের অধিনায়ক ড্রেসিংরুমের দিকে রীতিমতো দৌড়ে যান। খেলাও নির্ধারিত সময় দুপুর দুইটায় শুরু করা যায়নি। এরপর দীর্ঘক্ষণ বৃষ্টি হয়। বৃষ্টি থামলে কাভার সরিয়ে মাঠকর্মীরা শুরু করেন মাঠ শুকানোর কাজ।
পরবর্তীতে ম্যাচ শুরুর ঘোষণা আসে। ৭৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে বলে জানানো হয়। ঘোষণা অনুযায়ী ম্যাচ হওয়ার কথা ছিল ১৯ ওভারের।
.png)
কিন্তু এমন ঘোষণার মিনিট খানেকের ভেতরই আবার নেমে আসে বৃষ্টি। কাভারে ঢাকতে হয় পিচকেও। সেটি থামার পর দ্রুত সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করেছেন গ্রাউন্ডসম্যানরা।
নতুন ঘোষণা অনুযায়ী ১৭ ওভারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০। পাওয়ার প্লে হবে ৪ ওভার করে। এর আগে দ্বিতীয় টি-২০র টস জেতে আয়ারল্যান্ড। তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
প্রথম টি-২০তে আইরিশদের বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছিল বাংলাদেশ। আজ আয়ারল্যান্ডকে হারালে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।