অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জকোভিচ
বিশ্ব থেকে করোনার প্রভাব প্রায় কেটে গেছে। তবে এখনো বেশকিছু কঠোর নীতি ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ধারাবাহিকতায় আগামী ১১ মে পর্যন্ত জরুরি অবস্থা মেনে চলার ঘোষণা দিয়েছিল দেশটি। সেই নীতি অনুসারে করোনা টিকা না নেয়া থাকলে কোনো ব্যক্তি আমেরিকায় প্রবেশ করতে পারবেন না।
এ নিয়মের কারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুটি টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি নোভাক জকোভিচ। এর আগে করোনা টিকা না নেয়ায় তাকে অস্ট্রেলিয়া ওপেন থেকেও ফিরতে হয়েছিল। এরপর সম্প্রতি অনুষ্ঠিত দুই প্রতিযোগিতা ছাড়া আসন্ন যুক্তরাষ্ট্র ওপেন থেকেও তার বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছিল।
অবশেষে জকোভিচের সেই অনিশ্চয়তা কেটে গেছে। কারণ, হঠাৎ করেই করোনা বিধি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। ফলে এখন থেকে সে দেশে পা রাখতে কোনো বিদেশির টিকা নেয়া আর বাধ্যতামূলক থাকছে না।
.png)
জকোভিচ শুরু থেকেই বলেছেন, তিনি টিকা নেবেন না এবং তাকে বাধ্য করেও মানানো যাবে না। এটা নিয়ে জোর করার অর্থ কার্যত তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা। এই কারণেই গতবার অস্ট্রেলীয় ওপেন থেকে না খেলেই ফিরতে হয়েছিল এই টেনিস তারকাকে। এমনকি মেলবোর্নে মামলা করেও লাভ হয়নি তার।
একই কারণে আমেরিকান প্যারিবাস ও ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকেও নাম প্রত্যাহার করেন জকোভিচ। রাফায়েল নাদালের সঙ্গে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জেতা জকোভিচ মূলত নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। তবে এবার তার দেশটিতে যেতে আর বাধা রইল না।