ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

শেষ বলে আউট তামিম, প্রথম দিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ৪ এপ্রিল ২০২৩
শেষ বলে আউট তামিম, প্রথম দিন শেষে অস্বস্তিতে বাংলাদেশ
তামিম ইকবাল

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। বল হাতে আইরিশদের অল্পেই গুটিয়ে দিয়েছে টাইগাররা। তবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে দিন শেষ করেছে সাকিব আল হাসানের দল।

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৩৪ রান। অল আউট হওয়ার আগে নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। এখনো ১৮০ রানে পিছিয়ে আছে টাইগাররা।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ইনিংস শুরুতে মার্ক আদাইরের চতুর্থ বলে প্রথম রান নেন তামিম। পরের বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাকের লজ্জায় মাঠ ছাড়েন শান্ত।

Advertisement

এরপর দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই পার করছিলেন তামিম ও মুমিনুল হক। কিন্তু অ্যান্ডি ম্যাকব্রিনের করা দিনের শেষ ডেলিভারিতে মার্ক আদাইরের তালুবন্দী হয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়েন ২১ রান করা তামিম। ১২ রানে অপরাজিত আছেন মুমিনুল।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এ ম্যাচে দলটির হয়ে অভিষেক হয়েছে ৭ জন ক্রিকেটারের।

আয়ারল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জেমস ম্যাককলাম ও মুরে কমিন্স। দুজনের কেউই ব্যাট হাতে সফলতার মুখ দেখেননি। ফেরার আগে করেন যথাক্রমে ১৫ ও ৫ রান।

তিনে নেমে ১৬ রান করে আউট হন বালবির্নি। অধিনায়কের বিদায়ে বেশ বিপদেই পড়েছিল আইরিশরা। তবে এরপর দলের হয়ে হাল ধরেন কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর। এরই মধ্যে দুজন গড়েন পঞ্চাশোর্ধ্ব রানের জুটি।

দারুণ খেলতে থাকা টেক্টর অভিষেকেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ফিফটি পূরণ করার পর মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন তিনি। এর মাধ্যমে ভাঙে ক্যাম্ফারের সঙ্গে তার ৭৪ রানের জুটি।

এরপর জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। ক্যাম্ফারকে ৩৪ ও পিটার মুরকে ১ রানে সাজঘরে ফেরান তিনি। ছয় উইকেটে ১৪৫ রান নিয়ে চা বিরতিতে যায় আইরিশরা।

বিরতির পর আঘাত হানেন এবাদত হোসেন। এ পেসারের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৯ রান করেন অ্যান্ডি ম্যাকব্রিন। এরপর লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রিনকে সাজঘরে ফিরিয়ে ফাইফা পূরণ করেন তাইজুল।

গ্রাহাম হিউমকে বোল্ড করে আইরিশদের গুটিয়ে দেন মিরাজ। এ অফস্পিনার ও এবাদত দুটি করে এবং তাইজুল পাঁচটি ও শরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!