নিজেদের প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৬৯ রান করেছে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অল আউট হয়েছিল। ফলে ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নামবে টাইগাররা।
দুই উইকেটে ৩৪ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন শুরুতেই ফেরেন মুমিনুল হক, করেন ১৭ রান। মাত্র ৪০ রানে তিন উইকেট হারানো টাইগারদের হয়ে এরপর শক্ত প্রতিরোধ গড়ে তোলেন সাকিব ও মুশফিক।
.png)
একপর্যায়ে সাকিব ও মুশফিক দুজনেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। তবে ৮৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যার মাধ্যমে ভাঙে দুজনের ১৫৯ রানের জুটি।
সাকিব আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও ইনিংসকে তিন অঙ্কে রূপ দেন মুশফিক। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ১২৬ রানের ইনিংস। অন্যপ্রান্তে লিটন দাস ৪৩ রান করেন।
শেষদিকে বাংলাদেশের ইনিংস এগিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে ৫৫ রান করেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন একাই ৬ উইকেট শিকার করেন। এছাড়া মার্ক আদাইর ও বেন হোয়াইট দুটি করে উইকেট নেন।