‘ভালো প্রস্তুতি’ নিয়ে শ্রীলংকায় টাইগ্রেসরা
আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভালোভাবেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধীরে ধীরে শক্তিশালী দল হয়ে উঠছে তারা।
বিশ্বকাপের জন্য প্রতিবারই বাছাই পর্ব খেলতে হয় টাইগ্রেসদের। তবে আইসিসি উমেন্স চ্যাম্পিয়নশিপে নাম লেখানোয় এখন সেটি থেকে বের হওয়ার সুযোগ তৈরী হয়েছে মেয়েদের। অবশ্য শুরুটা ভালো হয়নি নিগার সুলতানা জ্যোতিদের।
গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার একটি ম্যাচও জিততে পারেনি তারা।
এবার বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ শ্রীলংকা। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে মেয়েরা। এর আগে মঙ্গলবার দুপুর একটায় উড়াল দেয় বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো জিততে পারলে আছে সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি।
.png)
দেশ ছাড়ার আগে মিরপুরে সাংবাদিকদের টাইগ্রেস অলরাউন্ডার জাহানারা আলম বলেন, ‘এখান থেকে কিছু পয়েন্ট অর্জন করে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্যই ভালো হবে। এদিক থেকে বড় একটা রোল প্লে করবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড। অবশ্যই আর বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড খেলতে চাই না।’
শ্রীলংকা সফরের প্রস্তুতিতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্যাম্প করেছে বাংলাদেশ দল। লংকান কোচ হাসান তিলাকারাত্নে ছিলেন তত্ত্ববধানে। দেশ ছাড়ার আগে জাহানারা আলমের কণ্ঠে ছিল ভালো প্রস্তুতির স্বস্তি। দারুণ কিছু করার প্রত্যয়ও জানান তিনি।
জাহানারা বলেন, ‘নির্ভর করছে আমাদের পারফরম্যান্সের উপরে। তারা তাদের ঘরের মাঠে খেলবে। তারা চেষ্টা করবে ওইভাবে পিচ তৈরি করার। কন্ডিশনটাও ওদের অনুকূলে থাকবে। আমরা জানি যে, শ্রীলঙ্কায় অনেক গরম। গরমটা আমাদের জন্য অনেক বেশি ফ্যাক্ট হবে বলে মনে হয় না। তবে তারা হয়তো ওইভাবে ব্যাটিং ট্র্যাক করার চেষ্টা করছে। আমি যতটুকু জেনেছি। ’
তিনি আরো বলেন, ‘আশা করছি যে, কঠিন তেমন কিছুই না। আমাদের প্রস্তুতি ভালো আছে। খুলনায় আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমার মনে হয় যে, ভালো লড়াই হবে। ভালো ফল নিয়ে আসতে পারব, ইনশাল্লাহ। ’