ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের কাছে ইনিংস ব্যবধানে হারলো ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ৩০ এপ্রিল ২০২৩
বাংলাদেশের কাছে ইনিংস ব্যবধানে হারলো ভারত
ছবি: সংগৃহীত

তিন দিনের একমাত্র ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই বাংলাদেশের স্কুল ক্রিকেটের অনূর্ধ্ব-১৬ দলের এই ক্রিকেটাররা দাপট দেখিয়েছে।

প্রথম ইনিংসে মুম্বাই মাত্র ১৯০ রানে অলআউট হয়। প্রাইম ব্যাংক ব্যাটিং করতে নেমে দুই সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৪৪৬ রান করে ইনিংস ঘোষণা করে। ২৫৬ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে রোববার (৩০ এপ্রিল) মাত্র ৮১ রানে অলআউট হয়।

আর এতে ইনিংস ও ১৭৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের স্কুলের এই শিক্ষার্থীরা। আজ বৃষ্টি বিঘ্নিত দিনে লাল সবুজের খুদে বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাইয়ের ক্রিকেটাররা। ২ উইকেটে ৪ রান নিয়ে দিন শুরু করে মাত্র ৭৭ রান যোগ করতেই অলআউট হয় তারা। 

Advertisement

সর্বোচ্চ ৪ উইকেট নেন শেখ ইমতিয়াজ। এ ছাড়া ৩ উইকেট নেন সাইমুন রাতুল। গতকাল প্রথম ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন সামিউন বশির রাতুল (১০৫) ও দেবাশীষ সরকার (১০১)। 

তবে ভালো ব্যাটিংয়ের শুরুটা করে দিয়েছিলেন তিনে নামা রিফাত বেগ। সেঞ্চুরির পথে ছিলেন তিনিও। কিন্তু ৮ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। আউট হন ৯২ রানে। এই তিনজনের ইনিংসে বাংলাদেশের শিক্ষার্থীরা বড় রানের ভিত পায়। আঁটসাট বোলিংয়ে বাকি কাজ সেরে দেন বোলাররা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!