সিরিজের ২য় ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ নিতে গিয়ে চোট পান সাকিব। দ্রুতগতির বল সরাসরি তার আঙুলে আঘাত করে। তবে ঐ অবস্থায় পরে ব্যাটিং করতে দেখা যায় তাকে।
তবে একদিন পরই জানা যায়, সাকিবের চোট ছিল গুরুতর। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তার আয়ারল্যান্ড সিরিজ শেষ।
.png)
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় সাকিব ডানহাতের তর্জনির ডগায় আঘাত পান। আজ (গতকাল শনিবার) এক্সরে রিপোর্টে দেখা গেছে যে, তার ওই আঙুলের ডগায় চিড় ধরেছে। যা থেকে সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে সাকিবের। সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি খেলতে পারবেন না।’
সাকিব না থাকায় তার স্থানে দেখা যতে পারেন নতুন কাউকে। তিনি ইয়াসির আলি রাব্বি হতে পারেন। এদিকে শেষ ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি শরিফুল ইসলাম। ফলে তার স্থানে শেষ ম্যাচের একাদশে ফিরতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইয়াসির রাব্বি, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।