শরীর ভারতে, মন ইংল্যান্ডে
ভারতে চলমান আইপিএলের চলতি আসরে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এলিমিনেটর জিতে ফাইনালের পথে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আইপিএলের লড়াইয়ের মাঝেও রোহিতের মন পড়ে আছে ইংল্যান্ডে। কারণ, সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডে পৌঁছে গেছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। প্লে অফে নামার আগে একটি ভিডিও বার্তায় দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন রোহিত।
ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে দলের ক্রিকেটাররা আবার এক জায়গায় এসেছে। সবাই আবার পরের লড়াইয়ের জন্য নিজেদের তৈরি করেছে।’
.png)
এরপর তিনি বলেন, ‘এই সময়ে আমরা বেশ কিছু কঠিন সিরিজ খেলেছি। সেই সব সিরিজে ক্রিকেটাররা নিজেদের চরিত্র দেখিয়েছে। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। প্রত্যেক ক্রিকেটারের উপর আমি গর্বিত।’
ফাইনালের পথে একেকটি সিরিজে একেক জন ম্যাচ উইনার পাওয়া গেছে জানিয়ে রোহিত বলেন, ‘এই দু’বছরে আমরা অনেক টেস্ট ম্যাচ খেলেছি। প্রতিটা ম্যাচে আলাদা আলাদা ম্যাচ উইনার পেয়েছি। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে অন্য অনুভূতি হচ্ছে।’
রোহিত আরো বলেন, ‘এখনো আমাদের কাজ শেষ হয়নি। যদি ফাইনালে জিততে না পারি তা হলে গত দু’বছর যা পরিশ্রম করেছি সব জলে যাবে। তাই সবাইকে আরো এক বার নিজেদের সেরাটা দিতে হবে।’
আইপিএলের পরে ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আগেই ফাইনালে উঠে গিয়েছে। আইপিএলের পরেই সেই ফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন রোহিতরা।