ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

টিকিট বাঁচাতে টিকিট বাতিল, ধোনিভক্তদের অদ্ভুত কাণ্ড!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৪, ২৯ মে ২০২৩
টিকিট বাঁচাতে টিকিট বাতিল, ধোনিভক্তদের অদ্ভুত কাণ্ড!
মহেন্দ্র সিং ধোনি

আইপিএলের ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একটি আসনের টিকিটও অবিক্রিত নেই। রোববার খেলা না হওয়ায় যথারীতি হতাশ ক্রিকেটপ্রেমীরা।

ফাইনাল ম্যাচ দেখতে অনেকেই আহমেদাবাদের বাইরে থেকে এসেছিলেন। যাদের বেশিরভাগই চেন্নাই সুপার কিংস, বিশেষ করে ধোনিভক্ত। খেলা না হওয়ায় তাদের অনেকেই স্টেশনে রাত কাটিয়েছেন।

রোববার বৃষ্টি হওয়ায় বাতিল হয়েছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের ফাইনাল। রোববারের টিকিট নিয়েই সোমবার খেলা দেখা যাবে বলে জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের সঙ্গে গুজরাট টাইটান্সের লড়াই দেখার জন্য অপেক্ষা করতে রাজি ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে ধোনির ভক্তরা খেলা না দেখে আহমেদাবাদ ছাড়তে নারাজ।

আহমেদাবাদের বাইরে থেকে ক্রিকেটপ্রেমীদের অনেকের পরিকল্পনা ছিল খেলার পর রাতের ট্রেনে বাড়ি ফেরার। তাই তারা হোটেলের ঘর ভাড়া করেননি। স্টেশন থেকে সোজা চলে এসেছিলেন স্টেডিয়ামে।

আবার খেলা শেষ হলে স্টেডিয়াম থেকে সোজা তারা চলে যেতেন স্টেশনে ট্রেন ধরতে। অনেকেই ফেরার ট্রেনের টিকিটও কেটে নিয়ে এসেছিলেন। রোববারের খেলা ভেস্তে যাওয়ায় সেই ক্রিকেটপ্রেমীদের অনেকেই স্টেডিয়াম থেকে ফিরেছেন স্টেশনে।

তবে তারা ট্রেনে ওঠেননি। রোববারের ফেরার টিকিট বাতিল করে সোমবার রাতে বাড়ি ফেরার জন্য নতুন করে ট্রেনের টিকিট কেটেছেন। হোটেলের ঘর ভাড়া না নেয়ায় বা সকলের সেই আর্থিক সঙ্গতি না থাকায় স্টেশনেই রাত কাটিয়েছেন তারা।

রোববার রাতে আহমেদাবাদ স্টেশনে দেখা গিয়েছে প্রচুর ক্রিকেটপ্রেমীকে। স্টেশনের মেঝেতেই ঘুমিয়েছেন তারা। স্টেশনের অপেক্ষা কক্ষ (ওয়েটিং রুম), প্ল্যাট ফর্ম বা স্টেশনের অন্যত্র ঘুমাতে দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের।

তাদের অনেকেই পরেছিলেন ধোনির ৭ নম্বর জার্সি। যা থেকে বোঝা যায় তারা চেন্নাই অধিনায়কের ভক্ত। তার খেলা সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না তারা। তাই বাড়ি ফেরার পরিকল্পনা বাতিল করে একটা দিন বেশি আহমেদাবাদেই থেকে গেছেন।

রোববার বৃষ্টির জন্য স্টেডিয়ামের সামনে পানি জমে যায়। সেই পানি পেরিয়ে বাড়ি ফেরেন সমর্থকরা। আগামী বছর আইপিএলে ধোনির খেলা নিয়ে সংশয় রয়েছে। তাই ধোনির জন্য ভারতের সব শহরেই ভিড় করছেন তার ভক্তরা। আহমেদাবাদও ব্যতিক্রম নয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!