সেমিফাইনালটি মূলত গতকাল হওয়ার কথা ছিলো। কিন্তু বৃষ্টির কারণে আজ রিজার্ভ ডে’তে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আজও বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘন্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য ৯ ওভারে নামিয়ে আনা হয়।
টি-২০ ফরম্যাটের এই সেমিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতায় একপর্যায়ে মাত্র ১৬ রানে ৬ উইকেট হারায় লাল-সবুজরা। যেখানে প্রথম ছয় ব্যাটারের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি।
.png)
সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন রাবেয়া খান ও নাহিদা আকতার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২১ রান করে আউট হন নাহিদা। নয় নম্বরে উইকেটে এসে ১টি ছক্কায় ২ বলে অপরাজিত ৬ রান করেন সুলতানা খাতুন।
২০ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া। এতে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের ফাতিমা সানা ৩ উইকেট নেন। জবাবে ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান তুলে ভালো অবস্থায় ছিলো পাকিস্তান।
পরের ৩ ওভারে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে চাপে পড়ে যায় পাকিস্তান। ৬ থেকে ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে তারা। এতে শেষ ওভারে জিততে ১৩ রান দরকার ছিল দলটির।
শেষ ওভারে বল করতে আসেন সানজিদা আকতার মেঘলা। নিজের প্রথম ওভারে ১৪ রান দিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন এ বাঁ-হাতি স্পিনার। মাত্র ৬ রান দিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন তিনি।
৯ ওভারে ৪ উইকেটে ৫৩ রান করে ম্যাচ হারে পাকিস্তান। ২ ওভারে ২০ রানে উইকেটশূন্য থাকলেও দলের জয়ে বড় অবদান রাখেন মেঘলা। রাবেয়া ২টি, নাহিদা-মারুফা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।
রিজার্ভ ডেতে গড়ানো ভারত ও শ্রীলংকার মধ্যকার দিনের অন্য সেমিফাইনালের খেলা বৃষ্টির কারণে আজও সম্ভব হয়নি। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালের টিকিট পায় ভারত। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে দুই দল।