বুধবার মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে স্কালোনি বলেন, ‘এখন আমি কী করব, সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না।’
স্কালোনির এমন বক্তব্যের পরই গুঞ্জনের ডালপালা মেলে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে যাচ্ছেন স্কালোনি। তার সেই বক্তব্যে ঘি ঢালেন আর্জেন্টিনা ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুল। তিনি জানান, এখনই পদ ছাড়ছেন না স্কালোনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরো কিছুটা সময় চান তিনি।
.png)
এখনই শিষ্যদের বিদায় না বললেও স্কালোনির দায়িত্ব ছাড়ার কিছু কারণ জানা গেছে। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে এই মাস্টার মাইন্ডের। তাই তিনি আর আর্জেন্টিনার কোচের চেয়ারে থাকতে চাচ্ছেন না।
এদিকে দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকার পরবর্তী আসর। সে লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর ঐতিহ্যবাহী ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে স্কালোনি ও তার সহকারীরা থাকছেন না বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। যদিও কনমেবল ইভেন্টটির এখনো সপ্তাহ দুয়েক বাকি। এর মধ্যে স্কালোনির সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। কিন্তু তেমন কোনো পরিস্থিতি দেখছেন না বলেই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি।