ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুতর অভিযোগ
বিতর্কে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোর পুরনো ক্লাবের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। ক্লাবের অনুষ্ঠানে কাঁচা মাংস খেতে দেওয়ার অভিযোগ উঠেছে ক্লাবের বিরুদ্ধে। খাবার খেয়ে নাকি অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ‘ট্র্যাফোর্ড কাউন্সিল’। অভিযোগ, কয়েক দিন আগে ক্লাবের একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত অতিথিদের যে মাংস খেতে দেওয়া হয়েছিল তা নাকি কাঁচা ছিল।
সেই সময় অনেকেই কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। তারপরও নাকি খাবার বদল করা হয়নি। সেদ্ধ না হওয়া সেই খাবার খাওয়ার পরই অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়। অবশ্য এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ক্লাব কর্তৃপক্ষ।
.png)
‘দ্য অ্যাথলেটিক’ তাদের রিপোর্টে জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি তদন্ত শুরু করেছে। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। যেভাবে ইউনাইটেডের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাতে ক্লাবের সম্মান নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আর্থিক ক্ষতি হতে পারে ক্লাবের। তাই দ্রুত সমস্যা মেটামোর চেষ্টা করছে তারা।
প্রিমিয়ার লিগেও খুব একটা ভাল জায়গায় নেই ম্যানচেস্টার ইউনাইটেড। ১৩ ম্যাচের মধ্যে আটটি জিতে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে রেড ডেভিলরা। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও এবার সমস্যায় তারা।