গারনাচোর কথা মনে রাখবে তো ম্যানচেস্টার ইউনাইটেড
রেড ডেভিল জার্সিতে মাঠ মাতিয়েছেন স্কটিশ ব্রায়ান ম্যাকক্লেয়ার। এখনকার রেড ডেভিল সমর্থকরা হয়তো তাকে ঠিক চিনবেন না। বছর ত্রিশেক আগে চার ম্যাচ গোলবঞ্চিত থাকা রেড ডেভিলদের স্বস্তি এনে দিয়েছিলেন ব্রায়ান।
ঠিক যেমনটা আর্জেন্টিনার আলেসান্দ্রো গারনাচোর গোলে কাল রাতে আনন্দের বন্যা বয়ে যায় ওল্ড ট্রাফোর্ডে। অথচ সেই কীর্তির পর তাকে ম্যানইউ ভক্তরা মনে রাখেনি বলে দুঃখ প্রকাশ করেছেন ব্রায়ান। নিজের ‘লাইফ উইথ ব্রায়ান’ পডকাস্টে সেই গল্প শোনান ব্রায়ান।
বক্সিং ডে’তে অ্যাস্টন ভিলার সঙ্গে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথর্মার্ধে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর নিশ্চিত হারের মুখ থেকে বের হয়ে এসে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। অথচ এর আগের চার ম্যাচ জয়তো দূরের কথা, গোলের মুখই দেখতে পারেনি ম্যানইউ।
.png)
এর আগেও একবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটি ১৯৯২ সালের কথা। স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ সেবারও ছিল চার ম্যাচে গোলবঞ্চিত। অক্টোবরের ২৪ তারিখ ব্ল্যাকবার্নের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু। চার দিন বাদে লিগ কাপে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলের হারে ছিটকে পড়া। ঘরের মাঠে উইম্বলডনের কাছে পরের ম্যাচে ১-০ ব্যবধানের হার। আবারও লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-০ ব্যবধানে হারে রেড ডেভিলরা।
পরের ম্যাচে ঘরের মাঠে ওল্ডহ্যামকে আতিথ্য দেওয়া ম্যানইউর জন্য জয়ের বিকল্প কিছু ছিল না। ওই ম্যাচেই রেড ডেভিলদের গোল খরা কাটান ব্রায়ান ম্যাকক্লেয়ার। এর পর আরও দুই গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল ম্যানইউ।
খেলোয়াড়ি জীবনে রেড ডেভিলদের একজন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ব্রায়ান। খেলোয়াড়ি অধ্যায় শেষে ম্যানইউ একাডেমিতে ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লম্বা ধুসর রঙা চুল ও ঘন দাড়ি সম্বলিত চেহারা নিয়ে এখনকার ব্রায়ান সোনালী অতীত রোমন্থন করে আক্ষেপই ব্যক্ত করলেন।