বিকাশ নেগি নামের ভদ্রলোক পুরোপুরি ক্রিকেটার ছিলেন না। পেশায় ইঞ্জিনিয়ার এই ব্যক্তি নইডায় এস এন্ড বি ইন্ডিয়া বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টে খেলছিলেন। টি-২০ টুর্নামেন্টটিতে গত শনিবার ব্লেজিং বুলসের বিপক্ষে মাভেরিকস ইলেভেনের হয়ে ব্যাটিং করছিলেন বিকাশ। সেখানেই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
সরাসরি সম্প্রচারিত সে ম্যাচের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন বিকাশ, ছিলেন ৭ রানে অপরাজিত। ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান উমেশ কুমার চার মারলে বিকাশ গিয়ে তাকে অভিনন্দন জানান।
.png)
TRIGGER WARNING ⚠️
— Sameer Allana (@HitmanCricket) January 9, 2024
A 34-year old from Noida died after suffering a heart attack during a cricket match.pic.twitter.com/YAgITxhkpR
উমেশ অভিনন্দনের জবাব দিয়ে আবার স্ট্রাইকে ফিরছিলেন। অন্যদিকে বিকাশ নিজের ক্রিজে ফেরার পথ ধরতেই পিচের ওপর ঢলে পড়েন। দুই দলের ক্রিকেটার, আম্পায়ারসহ মাঠে থাকা সবাই দ্রুত দৌড়ে আসেন।
এ সময় তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এরপর গাড়িতে করে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু বিকাশ আর ফেরেননি। হাসপাতালে নেয়ার পরই ডাক্তার জানিয়ে দেন, বিকাশ অন্যলোকে পাড়ি জমিয়েছেন।
বিকাশ ঢলে পড়ার সময়ে মাভেরিকসের রান ছিল ৫ উইকেটে ১৪৩, বিকাশকে হাসপাতালে পাঠানোর পর আবার খেলা শুরু করা হলে মাভেরিকসের ইনিংস ২০ ওভারে ১৮৩ রান নিয়ে শেষ হয়। কিন্তু ততক্ষণে হাসপাতাল থেকে বিকাশের মৃত্যুর খবর আসে। এরপর ম্যাচ চালিয়ে যাওয়ার ইচ্ছা বা ভাবনা সম্ভবত কারোই ছিল না।