এর আগে মো. আল-আমিন দেওয়ান আযান নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন স্বর্ণা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আহাদ আলী বলেন, সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি ছাড়াও সাড়ে ৩ হাজার ডলার, সাড়ে ৬ হাজার নগদ টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই এবং প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়।
.png)
মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা অভিযোগ করেন, অভিযুক্ত আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে তিনিসহ তার তিন রুমমেট অনুশীলনে যান। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন মাঠে এসে স্বর্ণাকে বলেন, তোমার মোবাইল ফোন কোথায়?
এ সময় স্বর্ণা বলেন, আমার ব্যাগে। এরপর ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি উঠান আল-আমিন। পরে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান তিনি। এরপর ব্যাগ চেক করে স্বর্ণা দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা) এবং আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।
স্বর্ণা অভিযোগ করেন, তার অন্য রুমমেটের মোবাইল থেকে দুটি নম্বরে কল করলে ফোন বন্ধ পান। একপর্যায়ে মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান রুমের সব জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে।
জাতীয় নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার জানান, তার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলার চুরি করা হয়েছে। আর তার রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই এবং প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে।