রেকর্ড গড়তে নেমে শুরুতেই দুই উইকেট নেই টাইগারদের
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে লঙ্কানদের ছুঁড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে টিম টাইগার্স।
নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়া বাংলাদেশের এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২২ রান। জাকির হাসান ১৪ ও ১ রানে অপরাজিত আছেন মুমিনুল হক।
আর নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে থেমেছে ৪১৮ রানে। সফরকালীদের লিড ৫১০ রানের। বাংলাদেশের জিততে এখন প্রয়োজন ৪৮৯ রান।
সিলেটে লঙ্কানদের দেওয়া লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। দলটির হয়ে দ্বিতীয় ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান। তবে শুরুতেই এ জুটি ভাঙেন বিশ্ব ফার্নান্দো।
ইনিংসের প্রথম ওভারে মাহমুদুলকে লেগ বিফরের ফাঁদে ফেলেন ফার্নান্দো। এতে শূন্য রানেই সাজঘরের পথ ধরেন তিনি।
এরপর উইকেটে এসেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাতে নিজের বিপদ নিজেই ডেকে আনেন তিনি। কাসুন রাজিথার পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মেন্ডিসের তালুবন্দী হন বাংলাদেশ অধিনায়ক।
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। তবে সেই চাপ সামলানোর চেষ্টা করছেন জাকির হাসান ও মুমিনুল হক।
এর আগে পাঁচ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দো। তিনি করেন ৪ রান। তার বিদায়ের পর অবশ্য প্রথম সেশনের বাকি সময় কোনো উইকেট হারায়নি লংকানরা।
সপ্তম উইকেটে ১৭৩ রান যোগ করে ধনঞ্জয় ডি সিলভা-কামিন্দু মেন্ডিস জুটি। সেঞ্চুরির দেখা পেলেও মিরাজের ঘূর্ণিতে ১০৮ রানে কাটা পড়েন ধনঞ্জয়া।
ধনঞ্জয়া সাজঘরে ফিরলে উইকেটে লড়াই করেছেন কামিন্দু মেন্ডিস। শেষ পর্যন্ত ১৬৮ রানে থেমেছেন তিনিও। তার উইকেট শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের হয়ে চারটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।