কয়েকদিন আগে এক ধারাভাষ্যকার নিজের ধারাভাষ্য দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেই পোস্ট ১০ লক্ষের বেশি দর্শক দেখেন। তারপরেই সেই ধারাভাষ্যকারকে ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দেয় বোর্ড।
প্রথমে তিনি রাজি ছিলেন না। অনেকবার অনুরোধ করার পরে তিনি সেই ভিডিও মুছে দেন। কোন ধারাভাষ্যকার এই কাজ করেছিলেন সেটি অবশ্য জানা যায়নি। এই ঘটনার পরই কড়া হয়েছে বোর্ড।
.png)
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আইপিএলের সম্প্রচার স্বত্ব পেতে স্টার স্পোর্টস ও ভায়াকম ১৮-কে অনেক টাকা দিতে হয়েছে। তারা চাইছে না, খেলার কোনো ঘটনার ভিডিও বা ছবি অন্য কেউ পোস্ট করুক।
বোর্ড তাই সব ধারাভাষ্যকারকে নির্দেশ দিয়েছে, খেলার দিন মাঠ থেকে কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা যাবে না। কয়েকজন ক্রিকেটার খেলার দিনে নিজেদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। তাদেরও সেসব মুছে দিতে হয়েছে।
আইপিএলের একটি দল তাদের ম্যাচ চলাকালীন ডাগ আউটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিল। সেই কারণে সেই দলকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বোর্ড নির্দেশ দিয়েছে, ফ্র্যাঞ্চাইজিরাও খেলার দিনের ভিডিও বা ছবি দিতে পারবে না।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি কোনো ভিডিও বা ছবি দেয় তা হলে সেটি তারা শেয়ার করতে পারবে। কোনো ফ্র্যাঞ্চাইজি এই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বোর্ড।