ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মুস্তাফিজের শেষ ওভারের ব্যর্থতায় চেন্নাইয়ের হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ২৪ এপ্রিল ২০২৪
মুস্তাফিজের শেষ ওভারের ব্যর্থতায় চেন্নাইয়ের হার
মুস্তাফিজুর রহমান

২১০ রান করেও হারতে হল চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ঝড়ো হাফসেঞ্চুরি করেন শিভম দুবে। তাতেও শেষরক্ষা হয়নি।

রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেন মার্কাস স্টয়নিস। শেষ দিকে তাকে সঙ্গ দেন নিকোলাস পুরান। শেষ পর্যন্ত টিকে থাকেন স্টয়নিস। টান টান ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তিন বল বাকি থাকতে জিতে যায় লখনৌ।

এই ম্যাচে রাচিন রবীন্দ্রকে খেলায়নি চেন্নাই। সেই কারণে আজিঙ্কা রাহানের সঙ্গে ওপেন করতে নামেন ঋতুরাজ। রাহানে এই ম্যাচেও রান পাননি। প্রথম ওভারের শেষ বলে তাকে আউট করেন ম্যাট হেনরি।

এই ম্যাচে দলে ফেরা ড্যারিল মিচেলও রান পাননি। ১১ রান করে ইয়াশ ঠাকুরের বলে ফেরেন তিনি। চার নম্বরে নামা রবীন্দ্র জাদেজা ১৬ রান করেন। এক দিকে টিকেছিলেন ঋতুরাজ। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি।

২৮ বলে হাফসেঞ্চুরি করেন ঋতুরাজ। জাদেজা আউট হওয়ার পরে শিভম মাঠে নামেন। শুরুতে একটু ধীরে খেললেও ম্যাচ যত এগোল, হাত খুলতে শুরু করলেন তিনি। ইয়াশকে এক ওভারে পর পর তিনটি ছক্কা মারেন শিভম।

একটা সময় মনে হচ্ছিল, ১৬০-৭০ রানের বেশি হবে না চেন্নাইয়ের। কিন্তু ঋতুরাজ ও শিভমের জুটি দলকে এগিয়ে নিয়ে যায়। পর পর দু’বলে ছক্কা ও চার মেরে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেন ঋতু।

২২ বলে অর্ধশতক করেন শিভম। ২৭ বলে ৬৬ রান করে রান আউট হন তিনি। শেষ বলে চার মারেন ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে চেন্নাই। ঋতুরাজ ১০৮ রান করে অপরাজিত থাকেন।

২১১ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি লখনৌয়ের। দীপক চাহারের বলে শূন্য রানে আউট হন কুইন্টন ডি’কক। অধিনায়ক লোকেশ রাহুল করেন ১৬ রান। মুস্তাফিজুর রহমানের বলে আউট হন তিনি।

পাওয়ার প্লে চলায় তিন নম্বরে নামিয়ে দেওয়া হয় স্টয়নিসকে। সেই সিদ্ধান্ত কাজে লেগে যায়। তিনি প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন। পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় শট খেলছিলেন।

চার নম্বরে নামা দেবদত্ত পাডিক্কল ধীরে খেলায় চাপ বাড়ছিল স্টয়নিসের উপর। ২৮ বলে ফিফটি করেন স্টয়নিস। ১৯ বলে ১৩ রান করে মাথিশা পাথিরানার বলে আউট হন পাডিক্কল। তবে এক দিকে বড় শট খেলছিলেন স্টয়নিস।

শেষ ৬ ওভারে লখনৌয়ের জিততে দরকার ছিল ৮৭ রান। সেখান থেকেই রানের গতি বাড়াতে শুরু করে লখনৌ। স্টয়নিসের পাশাপাশি নিকোলাস পুরানও হাত খোলা শুরু করেন। মুস্তাফিজুরের ওভারে আসে ১৩ রান।

শার্দূল ঠাকুরকে নিশানা করেন লখনৌয়ের দুই ব্যাটার। ২০ রান দেন তিনি। ২৪ বলে দরকার ছিল ৫৪ রান। পাথিরানার ওভারে ৩৪ রান করে ফেরেন পুরান। বড় ধাক্কা খায় লখনৌ। দলকে জেতানোর সব দায়িত্ব গিয়ে পড়ে স্টয়নিসের কাঁধে।

শেষ পর্যন্ত ৫৬ বলে সেঞ্চুরি করেন স্টয়নিস। আইপিএলে এটি তার প্রথম সেঞ্চুরি। শেষ ১২ বলে জিততে দরকার ছিল ৩২ রান। তখনও লড়াই ছাড়েনি লখনৌ। চাপে পড়ে ফিল্ডিংয়ে ভুল করেন চাহার। একটি বাড়তি চার পেয়ে যায় লখনৌ।

১৯তম ওভারে ওঠে ১৫ রান। স্টয়নিসের পাশাপাশি হাত খোলেন দীপক হুদাও। শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। বল করতে আসেন মুস্তাফিজুর। প্রথম বলেই ছক্কা মারেন স্টয়নিস। পরের দুই বলে মারেন চার।

তৃতীয় বল নো করেন মুস্তাফিজুর। ফলে পরের বলে ফ্রি হিট পায় লখনৌ। সেই বলেই খেলা শেষ করে দেন স্টয়নিস। তিন বল বাকি থাকতে ম্যাচ জেতে লখনৌ। চেন্নাইয়ের মাঠে সর্বাধিক রান তাড়া করে জেতে লখনৌ। ১২৪ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!