পাকিস্তানের জাতীয় দলের দায়িত্ব নিয়ে কাজ শুরুর আগেই দেশটিতে কারস্টেনের সমালোচনা শুরু হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দু’বছরের চুক্তি করেছে।
পাকিস্তানের গত কয়েক বছরের পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে বাবরদের বার্তা দিয়ে কারস্টেন বলেছেন, ‘আসন্ন তিনটি বড় টুর্নামেন্টের অন্তত একটিতে চ্যাম্পিয়ন হতে পারলে সেটা তোমাদের বড় সাফল্য হবে। সেটা আগামী বিশ্বকাপ হতে পারে বা দু’বছর পরের বিশ্বকাপ।’
.png)
তার এই মন্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা। তাদের বক্তব্য, কারস্টেনের কথায় কোনো আত্মবিশ্বাস নেই। দুর্বল মন্তব্য করেছেন নতুন কোচ।
সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ বলেছেন, ‘কারস্টেন বড় কোচ। কিন্তু নির্বাচকদের থেকে উনি অস্বচ্ছ তথ্য পাবেন। কোচ লাহোরে থাকেন না। পাকিস্তানের কোথাও বড় হননি। পাকিস্তানের ক্রিকেটারদের চরিত্র বুঝতেই সময় লাগবে কিছুটা।’
তিনি আরো বলেন, ‘পিসিবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাকে পরামর্শ দেবেন। তা শুনতে শুনতেই দু’বছর কেটে যাবে। কোচ নিযুক্ত হওয়ার পর কারস্টেনের প্রথম বক্তব্যেই আত্মবিশ্বাস নেই। কোচ আত্মবিশ্বাসী না হলে দল কী করে ভাল খেলবে?’
২০০৯ সালে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শেহজাদ। তার মতে, দায়িত্ব নিয়েই সাফল্য এনে দেওয়া হয়তো কঠিন। কিন্তু সেটা কোচের কথায় প্রকাশ পেলে খেলোয়াড়দের মনোবলে আঘাত করতে পারে। তাই কারস্টেনের উচিত দুর্বল মন্তব্য না করা।