ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতালিয়ান কাপের শিরোপা জিতল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৯, ১৬ মে ২০২৪
ইতালিয়ান কাপের শিরোপা জিতল জুভেন্টাস
ছবি: সংগৃহীত

ডুসান ভ্লাহোভিচের একমাত্র গোলে আটালান্টাকে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জয় করেছে জুভেন্টাস। এর মাধ্যমে আটালান্টার ছয় যুগেরও বেশি সময় ধরে থাকা শিরোপার অপেক্ষা আরো বাড়লো।

সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচের চতুর্থ মিনিটের গোলে জুভেন্টাসের রোমের ফাইনালে ১৫তম কাপ শিরোপা নিশ্চিত হয়। দ্বিতীয়ার্ধে ভ্লাহোভিচের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। নাহলে ব্যবধান হয়তো আরো বাড়তে পারতো। 

জানুয়ারির শেষ থেকে মাসিমিলিয়ানো আলেগ্রির দল মাত্র তিনটি ম্যাচে জয়ী হয়েছে। তবুও ফর্মহীনতায় ভোগা দলটিকে হারাতে পারেনি আটালান্টা। অন্যদিকে এই শিরোপার মাধ্যমে জুভেন্টাসের তিন বছরের ট্রফি খরা কাটলো।

Advertisement

১৯৬৩ সালের পর প্রথম বড় কোন শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আটালান্টা। ঐতিহ্যগতভাবে প্রাদেশিক একটি ক্লাবের জন্য আটালান্টার এবারের মৌসুমটা দারুণ কেটেছে।

যদিও কাল দুর্দান্তভাবে গোছানো জুভেন্টাসের রক্ষণভাগকে ভাঙতে সক্ষম হয়নি গিয়ান পিয়েরো গাসপেরিনির দল। আক্রমণাত্মক কৌশলে সবসময় খেলা আটালান্টাকে কাল টার্গেটে একটিও শট নিতে দেয়নি জুভেন্টাসের রক্ষণভাগ।

ম্যাচ শেষের ১০ মিনিট আগে আদেমোলা লুকমানের শট পোস্টের একেবারে নীচে লেগে ফেরত আসলে হতাশ হতে হয় আটালান্টাকে। এটাই তাদের একমাত্র ভাল সুযোগ ছিল। 

আটালান্টা এখন সিরি আর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিতের বিষয়টিতে গুরুত্ব দেবে। আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে ডাবলিনে বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে ক্লাবটি। ইউরোপিয়ান কোন আসরে এটাই তাদের প্রথম ফাইনাল। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!