স্থানীয় গণমাধ্যমে এ সম্পর্কে স্লট বলেন, ‘এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। কিন্তু আমি তোমাদের নিশ্চিত করতে চাই লিভারপুলের পরবর্তী কোচ হচ্ছি আমিই।’
.png)
বিবিসি গত মাসে জানিয়েছিল ক্লপের স্থানে স্লটের সঙ্গে ৯.৪ মিলিয়ন পাউন্ডে লিভারপুল চুক্তি করতে যাচ্ছে। এরপর স্লটের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফেইনুর্ডও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘আর্নে স্লট যুগ শেষ হতে চলেছে। শেষ মুহূর্তটা উপভোগ করা যাক।’
এজেড আলকামারের সঙ্গে প্রথম কোচিং দায়িত্বটা দারুণভাবে উপভোগের পর ২০২১ সালে ফেইনুর্ডে যোগ দেন স্লট। প্রথম মৌসুমের শেষে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে তার অধীনে ডাচ জায়ান্টরা খেলেছিল।
ঐ ম্যাচে হোসে মরিনহোর রোমার কাছে ১-০ গোলে পরাজিত হয় ফেইনুর্ড। এরপর গত বছর ২৪ বছর পর ফেইনুর্ডকে দ্বিতীয় লিগ শিরোপা উপহার দেন। এরপরই তার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করে ফেইনুর্ড।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ ম্যাচে পর ডি কুইপ স্টেডিয়ামে স্লটের জন্য ফেয়ারওয়েল পার্টির ব্যবস্থা করা হবে।
এবারের মৌসুমটা ফেইনুর্ডের দারুণ কেটেছে। ডাচ কাপ জয়ের পর লিগে তারা দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। মৌসুম শেষ হতে আর মাত্র এক বাকি রয়েছে। পিএসভি আইন্দোভেন সাত পয়েন্টে এগিয়ে থেকে লিগ শিরোপা নিশ্চিত করেছে।
স্লটের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসা করেছেন লিভারপুলের অধিনায়ক ও সতীর্থ ডাচম্যান ভার্জিল ফন ডাইক। এ সময় তিনি বলেন, আমি মনে করি যে ধরনের আদর্শ তার মধ্যে রয়েছে তাতে সে লিভারপুলের কোচ হবার যোগ্য।
এর আগে গত জানুয়ারিতে মৌসুম শেষে ক্লপের লিভারপুল ছাড়ার সিদ্ধান্তের খবর জানায় ক্লাবটি। ক্লপের বিদায় ঘোষণার পর লিভারপুলের কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় ছিলেন বায়ার লেভারকুসেন কোচ জাবি আলনসো।
পরে অবশ্য আলনসো লেভারকুসেনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ব্রাইটন কোচ ডি জারবি এবং স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমের নামও শোনা গিয়েছিল। তবে সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত স্লটই নির্বাচিত হতে যাচ্ছেন লিভারপুলের পরবর্তী কোচ।