ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সৌরভের রহস্যময় বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ৩০ মে ২০২৪
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সৌরভের রহস্যময় বার্তা
সৌরভ গাঙ্গুলি

আসন্ন টি-২০ বিশ্বকাপ শেষেই ভারতের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। তার এমন সিদ্ধান্তের পর থেকেই কোচের সন্ধানে নেমেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরই মধ্যে রোহিত-কোহলিদের কোচ হওয়ার জন্য আবেদন জমা পড়েছে ৩ হাজারের বেশি। যদিও এসবের অধিকাংশই ভুয়া।

এদিকে ভারতের কোচ হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন গৌতম গম্ভীর, জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং ও রিকি পন্টিংরা। তবে কিউই ও অজিদের সাবেকদের আগ্রহ না থাকায় গম্ভীরই নাকি বিসিসিআইয়ের প্রথম পছন্দ বলে দাবি করছে দেশটির গণমাধ্যম। যদিও এ নিয়ে এখনো কেউই কোনো মন্তব্য করেনি।

এদিকে কোচ নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন ভারতের সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ। 

Advertisement

এক্সে একটি পোস্ট শেয়ার করে ভারতের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘একজনের জীবনে কোচ তাৎপর্যপূর্ণ। তাদের পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম মাঠ এবং মাঠের বাইরে যেকোনো মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান চিন্তাভাবনা করে বেছে নেবেন।’

সেই পোস্টে সৌরভ কারো নাম উল্লেখ না করলেও অনেকে মনে করছেন, কোচ হওয়ার দৌড়ে থাকা গম্ভীরকে বেছে নেয়ার আগে বিসিসিআইকে একপ্রকার সতর্কবাণী দিয়েছেন তিনি। কারণ, অতীত ইতিহাস বলছে গম্ভীরকে ভারতের কোচ হিসেবে আদর্শ মনে করেন না সৌরভ।

উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতি থাকার সময় তার জাতীয় দলের সতীর্থ রাহুল দ্রাবিড়কে প্রধান কোচের চেয়ারে বসান। সৌরভ এখন সে দায়িত্ব ছেড়েছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপের পর রাহুল ছাড়বেন জাতীয় দলের দায়িত্ব। এরই মধ্যে নতুন কোচ আনার তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিসিআই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!