দর্শকদের হতাশা থেকে মুক্তি দেওয়ার বড় একটা উপলক্ষ কোপা আমেরিকার আসর। সে লক্ষ্যে এবার অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়ে দল সাজিয়ে প্রস্তুত ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রও। কিন্তু সেলেসাওদের এখনকার দলের ওপর ভরসা করতে পারছেন না রোনালদিনহো। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবার নিজ দেশের খেলা দেখবেন না তিনি।
সম্প্রতিক এক ডিজিটাল প্লাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে এই কিংবদন্তি বলেন, ‘(ব্রাজিলের এই দলে) কোনোকিছুই ঠিকঠাক হচ্ছে না। দলে সাহস ও নিবেদনের ঘাটতি দেখতে পাচ্ছি। দলে আকাঙ্ক্ষা, আনন্দ সবকিছুই অনুপস্থিত। তাদের আরো ভালো খেলতে হবে। আমি ব্রাজিলকে ত্যাগ করতে যাচ্ছি। তাদের কোনো ম্যাচ আমি দেখবো না।’
.png)
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমরা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছি। তারা বিশ্বচ্যাম্পিয়ন্স, আবার কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নও। তবে পরিস্থিতি বদলে আবারো ব্রাজিলকে দক্ষিণ আমেরিকার সেরা দল বানানো সম্ভব।’
প্রসঙ্গত, ব্রাজিলের কোপা অভিযান শুরু হবে আগামী ২৫ জুন। যেখানে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। এরপর গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া। ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৯ জুন এবং ৩ জুলাই।