আজ (রোববার) জেলসেনকার্চেনে স্লোভাকিয়ার বিপক্ষে নক আউট পর্ব শুরু করার সময় সাউথগেটের দলের লক্ষ্য থাকবে ১৪ জুলাই বার্লিনের ফাইনাল। এই ম্যাচে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড।
প্রাক-টুর্নামেন্টের ফেবারিটের তকমা এখনো পর্যন্ত ইউরোতে যথার্থ প্রমাণ করতে পারেনি ইংল্যান্ড। এখনো একটি দল হিসেবে জ্বলে উঠতে পারেনি হ্যারি কেন, ফিল ফোডেন, জুড বেলিংহামরা।
.png)
গ্রুপ-সি’র শীর্ষ দল হলেও ইংল্যান্ড প্রথম তিন ম্যাচে মাত্র দুই গোল দিয়েছে। ২০২৩/২৪ মৌসুমে ক্লাব ফুটবলে যেখানে ফোডেন, বেলিংহাম, বুকায়ো সাকা ও কেন মিলে ১১৪ গোল দিয়েছে সেখানে জাতীয় দলে স্ট্রাইকারদের এই ফর্মহীনতা সত্যিই হতাশার।
তৃতীয় সন্তানের জন্মের কারনে দেশে ফিরে গিয়েছিলেন ফোডেন। ম্যাচের আগে আবারো দলে যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগের এবারের সেরা খেলোয়াড়। যদিও এ সপ্তাহে পর্যাপ্ত অনুশীলনের অভাব ফোডেনকে মাঠে ভোগাতে পারে বলে শঙ্কা রয়েছে।
এখন পর্যন্ত দল নির্বাচনে সাউথগেট তার স্বভাবসুলভ জেদী ভাব ধরে রেখেছেন। তৃতীয় ম্যাচে মাত্র একটি পরিবর্তন করে ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের স্থানে মূল দলে কনর গালাহারকে খেলিয়েছেন।
এবারের আসরে তিন ম্যাচে সাউথগেট এই একটি পরিবর্তনই করেছেন। স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে জয়ী হতে না পারায় আগ্রাসী ইংলিশ সমর্থকরা দল নির্বাচনে বিরক্ত হয়ে সাউথগেটকে লক্ষ্য করে বিয়ার কাপ ছুঁড়ে মেরেছিল।
এদিকে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করা স্লোভাকিয়া সেরা তৃতীয় দল হিসেবে গ্রুপ-ই থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে তারা রোমানিয়াকে রুখে দিয়েছিল।
এসবই ইংল্যান্ডের বিপক্ষে ফিফা র্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে থাকা দলটিকে বাড়তি উন্মাদনা দিচ্ছে। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মত নক আউট পর্বে খেলেছি স্লোভাকিয়া। শেষ ষোল থেকেই অবশ্য তাদের বিদায় নিতে হয়েছিল।