যদিও পরে সবাই তাসকিনের দলে না থাকার বিষয়টাকে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে মেনে নিয়েছিল। কিন্তু এখন বেরিয়ে আসছে, মূলত ঐদিন তাসকিন ঘুমিয়েছিলেন। যে কারণে তাকে রেখেই টিম বাস হোটেল ছেড়ে যায়।
ঘটনাটা প্রকাশ হতেই তোলপাড়। যদিও তাসকিন এখন লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে চলে গেছেন শ্রীলংকায়। সেখান কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুমিয়ে থাকার ফলে তিনি যে খেলতে পারেননি, তা নিয়ে দেশে তোলপাড়। তাসকিন এখন টক অব দ্য ক্রিকেট।
.png)
তাসকিনকে নিয়ে এ আলোচিত ইস্যুতে মুখ খুলেছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে আজ বিকেলেই দেশ ছেড়েছেন সাকিব। তার আগে বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলাপে তাসকিন ইস্যুতে সাকিবের কাছে মূল ঘটনা জানতে চাওয়া হয়।
তখন সাকিব বলেন, ‘আমি জানি না, এটা (দলের খবর বাইরে আসা) কী কারণে হয়েছে। হয়তো তাসকিনের না খেলার একটা ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে। কারণ সে তো দলের সহ-অধিনায়ক। বলতে গেলে অটোমেটিক চয়েজ। যখন সে না খেলবে, স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে যে, সে কেন খেলছে না। এখন সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে কারণে এমন কথা বলা হয়েছে কি না, যে-ই বলেছে আমি তো সেটা তো বলতে পারব না।’
টাইগারদের সাবেক দলপতির কাছে ঐ সময় সাংবাদিকরা জানতে চাইলেন, মূলত সেদিন ঘটনা কী ঘটেছিলো? এ নিয়ে সাকিব বলেন, ‘আসলে যেটা হয়েছিল, দলের বাস তো একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে। আর এটা আসলে আমরা যারা ক্রিকেটার আছি, তাদের একটা নিয়মই। সাধারণত বাস কখনও অপেক্ষা করে না। কখনো না। যদি কেউ কখনও মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে কিংবা ট্যাক্সি থাকে।’
তিনি আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা, ওখানে আসলে ট্রান্সপোর্টেশনের সুবিধা অনেক কঠিন। তো যখন তাসকিন আসলে মাঠে পৌঁছেছিল, অলমোস্ট টস হওয়ার ৫-১০ মিনিট আগে সম্ভবত। খুবই কাছাকাছি সময়ে আসলে। স্বাভাবিকভাবে ওই সময়ে ওকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিনই ছিল। এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে, তার জন্যও একটু কঠিন।’
এ ঘটনায় নাকি তাসকিনের ক্ষমাও চেয়েছেন জানিয়ে সাকিব বলেন, ‘স্বাভাবিকভাবেই তাসকিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে এটা নিয়ে। দলের সবাই এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। ও সেটা স্বীকার করেছে। তারপরে ওটা ওখানেই শেষ হয়ে গেছে।