সোমবার (১৫ জুলাই) ভোরে মাঠে নামার আগে সুসংবাদ পেয়েছে লিওনেল মেসির দল। ফাইনালের আগে ফিট পুরো আলবিসেলেস্তে শিবির। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে লিওনেল স্কালোনির দলের ২৬ জন খেলোয়াড়ই ফিট বলে জানা গেছে।
শুক্রবার (১২ জুলাই) ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে কোপা আমেরিকার ফাইনালের প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনা জাতীয় দল তাদের দ্বিতীয় অনুশীলন সেশন সম্পন্ন করে। এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন গঞ্জালো মন্টিয়েল।
.png)
ডান পায়ের রেক্টাস ফেমোরিস পেশিতে টান লাগার কারণে আলাদাভাবে অনুশীলন করছিলেন মন্টিয়েল। শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা রয়েছে। একইভাবে ভ্যালেন্টিন কারবনিও স্বাভাবিকভাবে অনুশীলন করতে পারছেন।
অনুশীলনে বেশ কিছু ট্যাকটিক্স নিয়ে কাজ করা হয়েছে। কিন্তু স্কালোনি সম্ভাব্য একাদশ দেখাননি। সেমিফাইনালের একই লাইনআপ দিয়ে অনুশীলন শুরু করেছিলেন তিনি। কিন্তু পরে নানা কম্বিনেশন চেষ্টা করেন। যার পেছনে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার সম্ভাবনা থাকতে পারে।
শনিবার বিকেলে স্কালোনির সংবাদ সম্মেলনের পরে ও ফাইনাল ম্যাচের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। সেখানে আর্জেন্টিনার শুরুর একাদশ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
এদিকে লিওনেল মেসি জাতীয় দলের সঙ্গে তার দশম ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে ৫টি জিতেছেন এবং ৪টি হেরেছেন সর্বকালের সেরা ফুটবলার। স্কালোনি সম্ভবত টানা তৃতীয় ম্যাচের জন্য একই লাইনআপ ব্যবহার করতে পারেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ; অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ/জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।