সবশেষ মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লীগ জেতার পর জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র এবং দানি কারভাহালকে ব্যালন ডি’অরের জন্য সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইংল্যান্ড তারকা বেলিংহাম অসাধারণ একটি অভিষেক মৌসুম কাটিয়েছেন এবং ইংল্যান্ডকে ইউরো ২০২৪-এর ফাইনালে নিয়ে গেছেন। ভিনিসিয়ুস মাদ্রিদের হয়ে ৩৯ ম্যাচে ৩৫টি গোলে অবদান রেখেছেন এবং কারভাহাল স্পেনের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
.png)
তবে জিতবেন তো একজনই। সম্প্রতি আনচেলত্তি তার খেলোয়াড়দের মধ্যে একজনের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। ওবি ওয়ান পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘আমার মতে, ভিনিসিয়াস জুনিয়র জিতবে কারণ তিনি একজন প্রতিভাবান খেলোয়াড়। তিনি গত মৌসুমে সত্যিই ভালো করেছেন। এটা সত্য যে, কারভাহালও ভালো করেছে কারণ তিনি লিগ জিতেছেন, চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন, গোল করেছেন এবং ইউরোপীয় কাপও জিতেছেন।’
বেলিংহামকে নিয়ে তিনি আরো বলেন,‘জুডও অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন, চ্যাম্পিয়ন্স লীগ এবং লিগ জিতেছেন। এটা বড় চমক ছিল, লিগের সেরা খেলোয়াড়। আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। খেলোয়াড়দের জিজ্ঞাসা করার চেষ্টা করুন, “আপনি কি চ্যাম্পিয়ন্স লীগ জিততে চান নাকি ব্যালন ডি’অর? উত্তর অবশ্যই চ্যাম্পিয়ন্স লীগ!’
বর্তমানে রিয়াল মাদ্রিদ আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা আবার লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লীগ জেতার চেষ্টা করবে। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের দলে যোগদান তাদের ব্যালন ডি’অর প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় আরো শক্তি যোগ করবে।