ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে ‘লং মার্চ টু বাফুফে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০১, ১০ আগস্ট ২০২৪
সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে ‘লং মার্চ টু বাফুফে’
কাজী সালাউদ্দিন

ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়ে আসছে ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী।  সেই লক্ষ্যে সমর্থকদের এই সংগঠনের পক্ষ থেকে রোববার ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে শনিবার জানানো হয়, ‘আমরা কাজী সালাহউদ্দিনসহ আরো দুইজনের পদত্যাগ চেয়ে শনিবার রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। এখন পর্যন্ত একজন পদত্যাগ করলেও কাজী সালাহউদ্দিন এবং মাহফুজা আক্তার কিরণ পদত্যাগ করেননি। আমাদের বেধে দেওয়া সময়ের মধ্যে তারা যদি পদত্যাগ না করে আগামীকাল অর্থাৎ রোববার আমরা লং মার্চ টু বাফুফের ডাক দিচ্ছি। 

‘দেশের ফুটবলকে শোষকদের হাত থেকে মুক্ত করতে দেশের ফুটবলের সঙ্গে জড়িত প্রতিটি সংগঠন এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ, জেলা ও বিভাগীয় শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বস্তরের ব্যক্তিবর্গকে উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে ফুটবলকে মুক্ত করার এই লড়াইয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’ 

Advertisement

‘আসুন, আমরা সব পরিচয়কে এক পাশে রেখে দেশের ফুটবলকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হই। আমাদের এই কর্মসূচিকে সফল করতে প্রতিটি সংগঠন থেকে একজন করে সমন্বয়ক চাচ্ছি। প্রতিটি জেলা এবং বিভাগীয় শহর থেকে একজন করে সহ-সমন্বয়ক চাচ্ছি। প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে একজন করে সহ-সমন্বয়ক চাচ্ছি।’ 

‘আমাদের আন্দোলনের সাথে যারা একাত্মতা পোষণ করবে, সেসকল সংগঠন থেকে একজন সমন্বয়কের নাম জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। সকলের প্রতি শহীদ আবু সাইদের স্মরণে এবং সকল শহীদদের স্মৃতিতে আবু সাঈদ ভাইয়ের মৃত্যুর সময় পরিহিত কালো রঙকে গায়ে জড়িয়ে আসার অনুরোধ রইল।’ 

গত সোমবার বাংলাদেশ ফুটবল আলট্রাসের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। সংগঠনের সদস্যরা পরদিন মঙ্গলবার বাফুফে ভবনে গেলেও জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার আমিনুল ইসলাম বাবুর অনুরোধে কার্যক্রম বন্ধ করে ফিরে যায় । তবে দেশের প্রথম সারির এক গণমাধ্যমে  কাজী সালাউদ্দিনের করা মন্তব্যে আলট্রাসের পক্ষ থেকে আসে তীব্র প্রতিক্রিয়া ও আল্টিমেটাম।

একটি অনলাইন গণমাধ্যমে কাজী সালাউদ্দিন বলেন, ‘আল্ট্রাস কে? আমি তো ওদের চিনি না। ফুটবলে ওদের কি অবদান আছে?’প্রতিবেদনটি প্রকাশের পরই দেশের ফুটবল সমর্থক গোষ্ঠীটি নিজেদের কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানিয়ে দেয়।   

ফুটবল সমর্থক গোষ্ঠীটির পক্ষ থেকে কড়া বার্তা ছিল, ‘আমরা রোববার আমাদের অবস্থান কর্মসূচি নেবো। তখন তাদের তিনজনকে (সালাউদ্দিন, কিরণ,সালাম মুর্শেদী) পদত্যাগ করতে হবে। অন্য কোনো দাবি আমরা মানবো না। তখন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস তার দায়ভার বহন করবে না। সকল দায় তাদের বহন করতে হবে।’

এরপর বুধবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বৃহস্পতিবার হঠাৎ পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে। শুরু থেকে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে। সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন এই সাবেক ফুটবলার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!