ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পেছাচ্ছে না বাফুফে নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪
পেছাচ্ছে না বাফুফে নির্বাচন
ফাইল ছবি

সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছিল দেশের ফুটবল সমর্থকগোষ্ঠীর একাংশ। বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন পেছাতে ফিফার কাছে আবেদনও করেছিল বাফুফে। কিন্তু ফিফা সেই দাবি মেনে নেয়নি। ফলে যথাসময়ে অর্থাৎ আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন।

বাফুফে ভবনে শনিবার বিকেলে এ তথ্য জানান বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে তিনি আরো জানিয়েছেন, আসন্ন এই নির্বাচনে অংশ নেবেন না। এর মাধ্যমে বাফুফে সভাপতি হিসেবে সালাউদ্দিন যুগ শেষ হতে যাচ্ছে।

সালাউদ্দিন বলেন, লোকজনের অনুরোধ ছিল আর দাবি ছিল যেন নির্বাচন পেছায়। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। তারা চিঠির উত্তর দিয়েছে, একদিনও নির্বাচন পেছানো যাবে না।

Advertisement

ফিফা ও এএফসি একটি যৌথ চিঠিতে ২৬ অক্টোবর বাফুফের নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি জোর দেওয়া হয়। বাফুফের গঠনতন্ত্রের নির্বাচন বিধি অনুযায়ী এই নির্বাচন পরিচালনা হবে।

বাফুফের সকল অংশীদারকে তা অনুসরণ করতে হবে । ২০২০ সালের ৩ অক্টোবর বাফুফের নির্বাচনে নির্বাচিত নির্বাহী কমিটি ফিফার গঠনতন্ত্র মোতাবেক ৪ বছর কমিটিতে থাকতে পারবে সেটাও চিঠিতে উল্লেখ রয়েছে।

ফিফা ও এএফসি যৌথভাবে বাফুফের নির্বাচন সংক্রান্ত কার্যাদি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাফুফের নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ড স্বাধীনভাবে পরিচালনার পক্ষে মত দিয়েছে বিশ্ব ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা । তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ কামনা করে না বলেও চিঠিতে উল্লেখ করেছে তারা। 

২০২০ সালের ৩ অক্টোবর বাফুফের নির্বাচনে নির্বাচিত নির্বাহী কমিটি ফিফার গঠনতন্ত্র মোতাবেক ৪ বছর কমিটিতে থাকতে পারবে সেটাও চিঠিতে উল্লেখ রয়েছে। সেই হিসাবে আগামী ২৬ অক্টোবর নির্বাচনের আগেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।

তবে সহ-সভাপতি ও লিগ কমিটির প্রধান ইমরুল হাসান শনিবার সাংবাদিকদের জানান, মেয়াদ শেষ হলেও নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান কমিটি দায়িত্ব চালিয়ে যেতে পারবে।

এর আগে গত ১৭ জুলাই নির্বাহী কমিটির বৈঠক শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ সালাউদ্দিন বলেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলতে চাই, চার মেয়াদে একসঙ্গে ছিলাম। নিজেকে এজন্য ভাগ্যবান মনে করি, এই চান্স আমার জীবনে এসেছে। আসন্ন ২৬ অক্টোবরের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।

বাফুফে সভাপতি আরো বলেন, আপনাদের (সাংবাদিক) সবাইকে ধন্যবাদ জানাই, এই ১৬ বছর কাজ করার জন্য। অনেক বোঝাপড়া ও ভুল বোঝাবুঝি হয়েছে। আমার হৃদয়ের মাঝে কিছু নেই, আশা করি আপনারা মনের ভেতর কিছু রাখবেন না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।

সালাউদ্দিন যোগ করেন, আমার মনে একটা খুশি আছে। লাস্ট সাফ আন্ডার-২০ চ্যাম্পিয়ন হয়েছে, সেটা দেখে যেতে পারছি। আগেই ইলেকশন না করার ঘোষণা দিয়ে রাখলাম যাতে কারো কোন কনফিউশন না থাকে।

এর আগে সালাউদ্দিন বলেছিলেন ইলেকশনে দাঁড়ানো তার গণতান্ত্রিক অধিকার, তিনি করবেন। বাফুফে সভাপতির কাছে জানতে চাওয়া হয় এখন কেন এই সিদ্ধান্ত? জবাবে তিনি বলেন, আমি এই প্রশ্নের কোন উত্তর দেবো না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!