ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ শান্তর
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিততে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও সেটি ধরে রাখতে পারেনি টাইগাররা। এরই মাঝে চার ব্যাটার ফিরেছেন সাজঘরে। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটির দেখা পেয়েছেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ৩৭৬ ও ২৮৭/৪ ডি. করেছে ভারত। প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হওয়া টাইগারদের ম্যাচ জিততে প্রয়োজন আরো ৩৫৭ রান।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় সেশনে পাওয়া ১৩ ওভার নির্বিঘ্নে কাটান জাকির হাসান ও সাদমান ইসলাম। দুজনের ব্যাটে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্টে ওপেনিং জুটিতে ফিফটির দেখা পায় বাংলাদেশ।
.png)
তবে তৃতীয় সেশনে এসে আর অবিচ্ছিন্ন থাকতে পারেননি দুজন। প্রথমে বুমরাহর বলে ৩৩ রানে জাকির ও অশ্বিনের বলে ৩৫ রানে সাদমান সাজঘরে ফেরেন। মুমিনুল ও মুশফিক কেউই ১৩ রানের বেশি করতে পারেননি।
একপ্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মাঝে থাকলেও অবিচল ছিলেন শান্ত। অস্বিনকে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূরণ করেন তিনি। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন সাকিব।
এর আগে তিন উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভমান গিল ও রিশাভ পান্ট। প্রথম সেশন নির্বিঘ্নেই কাটান দুজন। এরপর দ্বিতীয় সেশনে দুজনেই পান সেঞ্চুরির দেখা।
ব্যক্তিগত ১০৯ রানে পান্ট আউট হলে ভাঙে গিলের সঙ্গে তার ১৬৭ রানের বিশাল জুটি। চার উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ১৯ বলে ২২ রানের ক্যামিও খেলে কেএল রাহুল ও ১১৯ রানে গিল অপরাজিত থাকেন। বাংলাদেশ পায় ৫১৫ রানের লক্ষ্য।